
নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত সকল ছাপাখানার ব্যবসায়ীরা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আর ক’দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে ততই তাদের কর্মব্যস্ততা বাড়ছে। শিগগিরই ছাপাখানাগুলো ব্যস্ত সময় পার করবে। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠবে সারাদেশের জনপদ ও অলি-গলি।
গেল ৯ নভেম্বর শনিবার র থেকে মনোয়নপত্র বিতরণ শুরু হয়েছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে ব্যস্ততা বাড়ছে ছাপাখানা শ্রমিকদের। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন রাজধানী, বিভাগীয় ও জেলার সকল ছাপাখানার ব্যবসায়ীরা।
রাজধানীর প্রাণকেন্দ্র পল্টন, ফকিরেরপুল ও দৈনিক বাংলা ছাপাখানা অধ্যূষিত এলাকা। এসব এলাকায় বিভিন্ন প্রকারের ছাপাখানা রয়েছে।
ছাপাখানা মালিকেরা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের ব্যস্ততা অনেক বেড়েছে। ইতোমধ্যে নির্বাচনী বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুনের ছাপার কাজ রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ডিজিটাল ব্যানার,পোস্টার-লিফলেট ছাপানোর তাগিদ দিচ্ছেন।
নির্বাচন সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে যেন প্রার্থীদের হাতে পোস্টার-লিফলেট সরবরাহ করা যায়,সে রকম উদ্যেগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে অর্ডার দ্রুত সরবরাহ সম্ভব হবে।
ফকিরেরপুলের একাধিক ব্যবসায়ী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার বাঁধার সুতলি ও পোস্টার প্যাকেট,পলিথিন পর্যাপ্ত মজুদ করা হয়েছে। তার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন।



