
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না এবং মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দ্বিতীয় মেয়াদে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরা ৮০ বছর বয়সী ট্রাম্পকে মৃত্যু ও নশ্বরতার বিষয়ে প্রশ্ন করেছিলেন সিবিএস সংবাদদাতা রস ডাউথাত।
মৃতুর পর কী ঘটে বলে মনে করেন—এমন প্রশ্নের জবাবে কিছুটা থেমে প্রেসিডেন্ট বলেন, ‘ওয়েল, আমি আশা করি আমাকে স্মরণ করা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘ওয়েল, আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাই। আমি আশা করি। আমি নরকে যেতে চাই না।’
স্বর্গে প্রবেশ করতে হলে জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক শত্রুদের ভালোবাসতে ও ক্ষমা করতে হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন যে তিনি তাদের ক্ষমা করতে পারবেন না।
ট্রাম্প বলেন, ‘উত্তরটি হলো না। আমি সৎ হতে চাই, না।’
তিনি আরও বলেন, ‘আমি সম্ভবত এটি করতে পারব না, না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং সর্বদা করব।’
সাক্ষাৎকারের একপর্যায়ে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে আসা সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি।
প্রথম ও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় অত্যন্ত দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, তারা ইউএফও সম্পর্কে কিছু অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
পাইলটদের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসী নই, তবে আমি ওভাল অফিসে প্রথম মেয়াদে এবং কিছুটা দ্বিতীয় মেয়াদে এমন বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে বৈঠক করেছি যারা সত্যিই ভালো, কঠিন মানুষ। এরা এমন কেউ নন যাদের আপনি ষড়যন্ত্র তাত্ত্বিক বলবেন। তারা এর অর্থও বোঝে না।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘কিন্তু তারা দুর্দান্ত, দুর্দান্ত পাইলট। তরুণ, সুদর্শন। তাদের সুন্দর, চমৎকার চুলে ছাঁট রয়েছে। আমি তাদের মতো চুল কাটতে পছন্দ করব। তারা নিখুঁত দেখতে, টম ক্রুজের মতো। … তারা পাতলা, জানেন তো, খুব পাতলা এবং সবকিছু। এবং … তারা আসল জিনিস। এবং তারা আমাকে এমন কিছু কথা বলেছে যা খুবই অদ্ভুত।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



