মুক্তিযুদ্ধ

একাত্তরের খলনায়ক ৪: ভুট্টো- বাংলাদেশ হত্যার প্রচেষ্টাকারী

 

 

১৯৭১ সালের ২৫শে মার্চকে কালরাত বলে অভিহিত করা হয়। সে রাতে পাকবাহিনীর সামরিক অভিযান অপারেশন সার্চলাইট শুরু হওয়ার আগেই ইয়াহিয়া খান ঢাকা ছেড়ে যান। ঢাকা ছেড়ে যাওয়ার সময় ইয়াহিয়া টিক্কা খানকে বলেছিলেন, ‘তাদের খুঁজে বের কর।’ জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়ার সঙ্গে যান নি। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে থেকে গেলেন। জেনারেল নিয়াজী তার বইয়ে বলেছেন, ‘টিক্কার নিষ্ঠুরতা দেখার জন্য ভুট্টো ঢাকায় থেকে গেলেন। ভুট্টো দেখতে পেলেন, ঢাকা জ্বলছে। তিনি জনগণের আর্তচিৎকার, ট্যাংকের ঘড়ঘড় শব্দ, রকেট ও গোলাগুলির বিস্ফোরণ ও মেশিনগানের ঠা-ঠা-ঠা আওয়াজ শুনতে পেলেন।’

শুরু হল বিশ্বসভ্যতার জন্যে মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম কলঙ্কজনক গণহত্যার সূচনা। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মত অপারেশন সার্চলাইটের মাধ্যমে স্বাধীনতার দাবিতে সোচ্চার বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সে রাতে হানাদার বাহিনী পঞ্চাশ হাজারেও বেশি মানুষকে হত্যা করল। আর হত্যাকারীদের নেতা জুলফিকার আলী ভুট্টো হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে সে হত্যাকান্ড অবলোকন করতে ঢাকায় থেকে গিয়েছিলেন।

২৬ মার্চ সকালে জেনারেল টিক্কা, রাও ফরমান ও আরবাবকে পিঠ চাপড়ে জুলফিকার আলী ভুট্টো অভিনন্দন জানালেন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাস দিলেন।  ভুট্টো তার কথা রেখেওছিলেন। পঁচিশে মার্চ কালরাতের গণহত্যায় ওই পঞ্চাশ হাজারেও বেশি মানুষকে হত্যা করতে পারার নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে  পূর্ব পাকিস্তানের কসাই হিসেবে পরিচিত টিক্কা খানকে পাকিস্তানের চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত করেন। রাও ফরমানকে ফৌজি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্রিগেডিয়ার আরবাবকে প্রথমে মেজর জেনারেল ও পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেছিলেন। রাতের আঁধারে নিরীহ বাঙালিকে নির্বিচারে হত্যার পর ২৬ মার্চ করাচি পৌঁছে ভুট্টো ঘোষণা করেলেন, ‘আল্লাহর রহমতে পাকিস্তান রক্ষা পেয়েছে।’

জুলফিকার আলী ভুট্টো

 

জুলফিকার আলী ভুট্টোর জন্ম ৫ জানুয়ারি ১৯২৮ সালে। পাকিস্তানের মন্ত্রীসভায় যুক্ত হন ১৯৫৮ সালে। মাত্র তিরিশ বছর বয়সে। এ থেকে বোঝা যায় ভোগ বিলাসে জীবন কাটানো কতটা উচ্চাভিলাষী ছিলেন ভুট্টো। ১৯৬৩ সালে আইয়ুব খানের মন্ত্রীসভায় পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৬৭ সালে নিজের রাজনৈতিক দল পাকিস্তান পিপলস্‌ পার্টি গঠন করেন। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে তার দল পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়। ’৭০-এর নির্বাচনে পূর্ব পাকিস্তানে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাঁর সাংবিধানিক অবস্থানও নিশ্চিত হয়। আওয়ামী লীগ হয় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল। বাঙালি বাঙালিকেই চাইবে, যেমনটা ঘটেছে পশ্চিম পাকিস্তানে। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ ভুট্টো-ইয়াহিয়া সেটা বুঝতে ব্যর্থ হলেন।

১৯৭১ সালের ১ মার্চ ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের আসন্ন অধিবেশন রেডিওতে ঘোষণা দিয়ে স্থগিত করলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এরই প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হল এক অভূতপূর্ব অসহযোগ আন্দোলন। এই আন্দোলনই খুব অল্প সময়ের মধ্যে স্বাধীনতাসংগ্রামে রূপ নিয়েছিল।

অসহযোগ আন্দলেনের শেষ দশদিন শেখ মুজিবের সঙ্গে আলোচনা করেন ইয়াহিয়া-ভুট্টো। পরে ’৭১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ভুট্টো তার আত্মজীবনী ‘দ্য গ্রেট ট্র্যাজেডি’ বইয়ে সে আলোচনার কথা উল্লেখ করেছেন। সে বইতে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি ‘বিচ্ছিন্নতা’ হিসেবে অভিহিত করেছেন। স্বাধীনতাসংগ্রামের অসহযোগ আন্দোলন অংশের  উপশিরোনাম দিয়েছেন ‘আওয়ামী লীগস্‌ অ্যাপোজি।’

ভুট্টো লিখেছেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ভাষণে এই বলে শপথ নেন যে যতদিন পর্যন্ত তাঁর (পূর্ব বাংলার) জনগণ ‘ফ্রি সিটিজেনস অব আ ফ্রি নেশন’ বা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক না হয়, ততদিন সংগ্রাম চালিয়ে যাবেন। তবে তিনি একতরফা স্বাধীনতা ঘোষণা করেন নি। ১০ মার্চ ভুট্টো বঙ্গবন্ধুর কাছে এক টেলিগ্রাম-বার্তায় পাকিস্তানকে রক্ষা করার আবেদন জানান এবং ঢাকায় এসে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। দুই দিন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ জনসমক্ষে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।‘

ভুট্টো আরও উল্লেখ করেন, ‘আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের নামে নির্দেশনা জারি শুরু করেন; বেসামরিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করতে বলা হয়; ব্যাংকগুলোকে আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী চলতে হয়; হাইকোর্টের বিচারকদের ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়; এমনকি পুলিশও আওয়ামী লীগের নির্দেশে চলতে থাকে।‘

২৫শে মার্চ কালরাত সম্পর্কে লিখেছেন, ‘এর প্রতিক্রিয়ায় সামরিক বাহিনী কিছু তড়িঘড়ি ব্যবস্থা নেয়।‘ ভুট্টো লিখেছেন, ‘ভোজন শেষ করে রাত সাড়ে ১০টার দিকে জুলফিকার আলী ভুট্টো ও তার সহযোগিরা হোটেলের কক্ষে ফিরে যান। ভুট্টোর বয়ান অনুসারে, তার ঘণ্টাখানেক পরেই গোলাগুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তার কয়েকজন সহযোগি ভুট্টোর কক্ষে জমায়েত হন। তারা হোটেলের জানালা দিয়ে সামরিক বাহিনীর ‘অ্যাকশন’ প্রত্যক্ষ করেন। প্রায় তিন ঘণ্টা ধরে তারা দেখতে পান বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে, সংবাদপত্রর দ্য পিপলস ভবন ধ্বংসের দৃশ্যও তারা দেখতে পান। দিগন্তে প্রজ্বলিত অগ্নিশিখার দিকে তাকিয়ে ভুট্টোর মনে দুটি প্রশ্ন জাগে: আমরা কি আমাদের জনগণের মৃত্যু ও ধ্বংস দেখছি? আমাদের কি আর ফেরার পথ নেই?’

বইয়ে ভুট্টো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, তাতে তিনি নিজে কী ভূমিকা রেখেছিলেন, সে সম্পর্কে কিছু লেখেন নি।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান পরাজিত হলে ইয়াহিয়ার জায়গায় পাকিস্তানের প্রেসিডেন্ট হন জুলফিকার আলী ভুট্টো। ‘৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদের আবেদন করলে ভুট্টো তার বিরোধিতা করেন। বাংলাদেশকে সেদিন তিনি পাকিস্তানের অংশ বলে দাবি করেছিলেন। এই প্রসঙ্গে শেখ মুজিবুর রহমান গ্যাভিন ইয়ংয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন,  ‘ভুট্টো যদি বাংলাদেশের কমনওয়েলথ সদস্যপদ পেতে বাধা দেন বা চালাকি করেন, আমি পশ্চিম পাকিস্তানের দখল নেব এবং সেটিকেও বাংলাদেশের অংশ করব। আমিই পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। আর তিনি সেনাবাহিনীর দয়ায় সেই দেশটির প্রেসিডেন্ট। গণতান্ত্রিকভাবে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেখানকার প্রদেশগুলোতে আমি আমার লোকজনকে নিয়োগ দেব…।’

‘৭৩ সালে পাকিস্তানের সংবিধান পরিবর্তন করে ভুট্টো দেশটির প্রধানমন্ত্রী বনে যান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে জুলফিকার আলী ভুট্টো খন্দকার মোশতাকের সরকারকে স্বীকৃতি দেন। একই সঙ্গে তিনি ইসলামি সম্মেলন সংস্থার সব সদস্য এবং তৃতীয় বিশ্বের সব দেশের প্রতি মোশতাক সরকারকে স্বীকৃতি দিতে আহ্বান জানান। আর ‘বাংলাদেশি মুসলিম ভাইদের’ জন্য ৫০ হাজার টন চাল ও ১৫ মিলিয়ন গজকাপড় পাঠানোরও নির্দেশ দেন। ’৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনি চক্র প্রথমে বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। সেই ঘোষণায় উৎসাহিত হয়ে ভুট্টো নতুন সরকারের সঙ্গে সখ্য গড়ে তুলতে সচেষ্ট হন।

’৭১-এর ১৫ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবে ভুট্টো বলেছিলেন, ‘আমি প্রত্যাখ্যান করছি না। আমি বর্জন করছি না। যে কোনও সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দিন, ভার্সাইয়ের চেয়ে জঘন্য কোনও চুক্তি করুন, আগ্রাসনকে আইনি মোড়ক দিন, দখলদারিত্বকে বৈধতা দিন, ১৫ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত ঘটা অবৈধ প্রতিটি ঘটনাকে বৈধতা দিন। আমি এর অংশীদার হব না। আমরা যুদ্ধ করব। পিছিয়ে যাব, কিন্তু আবার যুদ্ধ করব। আমার দেশ আমাকে ডাকছে। আমি কেন নিরাপত্তা পরিষদে সময় নষ্ট করব? আমি আমার দেশের একটি অংশের এমন অপমানজনক আত্মসমর্পণের অংশীদার হতে চাই না। আপনারা আপনাদের নিরাপত্তা পরিষদ নিয়ে থাকুন। (কাগজ ছিঁড়তে ছিঁড়তে) আমি চললাম।

(১৫ ডিসেম্বর ১৯৭১,পাকিস্তানের প্রতিরক্ষাবাহিনীর ওয়েবসাইট থেকে।)

‘৭৭ সালে ভুট্টো আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু কিছুদিনের মধ্যেই জিয়াউল হক সামরিক অভ্যুত্থানে ভুট্টোকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। ভুট্টো তার রাজনৈতিক প্রতিপক্ষ আহমেদ রাজা কাসুরির বাবাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে সেনা প্রশাসন ভুট্টোর মৃত্যুদন্ড দেয়।

১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডি কারাগারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খলনায়ক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension