প্রধান খবরযুক্তরাষ্ট্র

ওবামাকে নিয়ে ভুল তথ্য দিয়ে সমালোচিত ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শুরুতেই ভুল করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ভুল তথ্য দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে। আর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, বারাক ওবামার বাড়ির বাইরের দেয়াল নাকি ১০ ফুট উঁচু। কিন্তু ওবামার প্রতিবেশীরা বলেছেন, ওবামার এখনকার বাড়ির বাইরে আসলে কোনও দেয়ালই নেই।

গত রোববার মেক্সিকো সীমান্তে প্রাচীর দেয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ওবামার বাড়ির বাউন্ডারি দেয়ালের প্রসঙ্গ টেনে এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছিলেন, ‘ওবামা দম্পতি তাদের ওয়াশিংটনের ম্যানসনের বাইরে দশ ফুট উঁচু প্রাচীর তৈরি করিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য এটা অবশ্যই দরকার। আমেরিকারও এমনটাই প্রয়োজন। শুধু একটু বড় আকারের।’

এই মুহূর্তে ওই প্রাচীর তোলার প্রসঙ্গেই ডেমোক্র্যাটদের সঙ্গে টানাপোড়েনের কারণে মার্কিন সরকারের শাট ডাউন দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সে অচলাবস্থা কাটার এখনও কোনও লক্ষণ নেই। তবে প্রাচীর-বিতর্ক শিরোনামে জায়গা করে নিচ্ছে রোজই।

ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওবামার দুই প্রতিবেশী মুখ খুলেছেন সোমবার।

একটি মার্কিন দৈনিককে তারা বলেছেন, ওবামার বাড়ির বাইরে কোনও দেয়াল তো নেই-ই। বরং রাস্তা থেকে সে বাড়ি যে কারও চোখে পড়বে। ৮২০০ বর্গফুটের ওই ম্যানসনে নানাবিধ নিরাপত্তার কড়াকড়ি থাকলেও দেয়াল বলে কিছু নেই। বাড়ি ঘেরা আছে এক রকমের বেড়া দিয়ে। ওয়াশিংটনের অভিজাত ক্যালোরামা এলাকায় ওই ম্যানসনের আশপাশের সব বাড়িতেই ওইটুকু ঘিরে রাখা ব্যবস্থা রয়েছে।

যে প্রতিবেশীরা এই তথ্য দিয়েছেন, তারা ওই এলাকার বহু দিনের বাসিন্দা। শুধু ওবামা নন, ওই এলাকায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং অ্যামাজ়ন সংস্থার প্রতিষ্ঠাতা জেফ্রি বেজোসও থাকেন।

২০১৭ সালে যখন ওই ম্যানসনটি তৈরি করা হচ্ছিল, তখন একটি ফ্যাশন ওয়েবসাইটে দাবি করা হয়, ওখানে ‘দেয়াল’ রয়েছে। কিন্তু ওবামারা তখনও এসে ওঠেননি সেখানে। মার্কিন দৈনিকটির দাবি, বাড়ির একেবারে সামনে সিক্রেট সার্ভিসের প্রয়োজনমতো যতটুকু ঘেরার দরকার, সেইটুকু শুধু ঘিরেছেন ওবামা দম্পতি। দৈনিকটির মতে, মেক্সিকো সীমান্তে ৩৫-৪০ ফুট উঁচু কংক্রিটের প্রাচীর গড়ার পক্ষে যুক্তি দিতে প্রসঙ্গ এনেছেন।

ট্রাম্পের এই মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে দাবি করেছেন ফ্রেড গুটেনবার্গ। পার্কল্যান্ড স্কুলে বন্দুকবাজের হামলায় প্রাণ হারায় তার সন্তান। ফ্রেড টুইটারে লিখেছেন, ‘আপনি কি সত্যি সত্যি আমাদের প্রাক্তন প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চান?’

ওবামার বাড়ির ‘দেয়াল’ প্রসঙ্গে মার্কিন দৈনিকটি প্রশ্ন রেখেছিল সিক্রেট সার্ভিসের কাছেও। কিন্তু তারা এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

ওবামার বাড়ির চারপাশে কোনো দেয়াল নেই

সূত্র: আনন্দবাজার

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension