
‘৩০ ডিসেম্বর যেটা হয়েছে সেটা রাজচালাকি’
৩০ ডিসেম্বরের নির্বাচনকে রাজচালাকি উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, মানসিকভাবে কোনও সুস্থ মানুষ এ ধরনের কাজ করতে পারে না। আসুন জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, খুব দুঃখ লাগে ৩০ ডিসেম্বর যে ঘটনা ঘটলো স্বাধীনতার ৪৮ বছর পরেও এটা দেখতে হচ্ছে; সেটা বিশ্বাস করতে পারি না। এটা হওয়ার কথা না। ৪৮ বছর পরে এটা কেন এভাবে হবে। আমিতো সরলভাবে বলেছি ভাই সকালে সকালে গিয়ে ভোটে দেবেন। কিন্তু টেলিভিশনে বলেছে কামাল হোসেনতো বুঝতেই পারছেন না, ঘটনাতো রাতেই ঘটে গেছে। উনি সকালে সকালে বলছেন। এটার মানে কি হলো। যেভাবে হলো আমরাতো কেউ টেরই পেলাম না যে আমাদের ভোট দেয়া হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আজকে প্রশ্ন রাখতে চাই, এইসব অস্বাভাবিক কাজ কেন হচ্ছে? তৃতীয়বারের মতো একজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন। ৩০০ লোক সংসদ সদস্য হয়ে গেছে। আর বিরোধীদলে সাত জন, আমাদের দুজন। এটার অর্থটা কি। এটা কি একটা খেলা নাকি? ১৭ কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায়? সারা দেশের মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে যে নাটকগুলো করেছে। মানসিকভাবে ভারসাম্য না হারালে এগুলো হয় না।
ড. কামাল বলেন, চুপি চুপি রাতে কি হলো, সকালে জানিয়ে দিল যে শেষ। রাষ্ট্রকে নিয়ে এভাবে খেলা করা তো চলে না। যারা এগুলো করছে হয় তারা না বুঝে করছে। তাদেরকে যারা উপদেশ দিচ্ছে তারা সঠিক দিচ্ছে না। এই তৃতীয়বারের মতো পাঁচ বছর আমরা হয়ে যাচ্ছি এই ধরণের তথাকথিত নির্বাচন এটা কোনও সুস্থ মানুষের করার কথা না। মানসিকভাবে অসুস্থ থাকলে এটা করতে পারে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আইনানুগভাবে এটা হয় না। সংবিধান অনুযায়ী এটা হয় না। সংবিধান মানতে সবাই বাধ্য। সংবিধানের উর্দ্ধে কেউ না। কিন্তু এসব সঙ্কট কেন সৃষ্টি করা হচ্ছে।
বাংলাদেশর জনগণ ক্ষমতার মালিক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ২০০৮ সালে নির্বাচন হয়েছিল। ২০১৪ সালে কেউ নির্বাচনে গেল না। তারা বলল, সাময়িকভাবে এ নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচন না দিয়ে ৫ বছর থাকল। পাঁচ বছর পরে যখন নির্বাচন আসলো তখন এই প্রহসন দেখতে হচ্ছে।
‘এটাকে বঙ্গবন্ধু বলতেন রাজচালাকি’, উল্লেখ করে তিনি বলেন, আমরা রাজনীতি থেকে সরে রাজচালাকীতে চলে যাচ্ছি। ৩০ ডিসেম্বর যেটা হয়েছে, সেটা রাজচালাকির একটা সুন্দর উদাহরণ। আমি বলবো, এই রাজচালাকি থেকে বিরত থাকুন। সংবিধান অনুযায়ী আলাপ আলোচনার মধ্যে দিয়ে যা করার করুন। এছাড়া কোনো বিকল্প হতে পারে না। কারো জন্য এটা মঙ্গল হবে না। যারা করবে তাদের জন্যও না, যাদের উপর চাপিয়ে দেয়া হবে তাদেরতো একদমই হবে না।
তিনি বলেন, যেখানে সংকট বা বিরোধ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই সেখানে কেন সংকট সৃষ্টি করছেন। এটা কোনো সুস্থ্য মানুষের করার কথা না। আমি আবার বলছি, সুস্থ্য মানুষ জেনেশুনে বিরোধ সৃষ্টি করবে কেন। আজকে শতকরা একশভাগ মানুষই বলবে, সরকার গঠন করতে হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। ৩০ডিসেম্বর যেটা হয়েছে সেটাকি কেউ অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে। আসুন বছরের প্রথম দিকে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ সবচেয়ে ভাল পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে, নির্বাচন করে, নির্বাচিত সরকার গঠন করবো।
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সায়িদ, মোস্তফা মহসিন মন্টু, মেজর জেনারেল অব. আ ম সা আ আমিন, মফিজুল ইসলাম কামাল প্রমুখ।



