
তারেক রহমানের এপিএস অপু পাঁচ দিনের রিমান্ডে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত।
ঢাকা মহানগর হাকিম আদালতে ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম। অন্যদিকে অপুর আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
জানা গেছে, অপু অসুস্থ থাকায় বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সুস্থ হলে রিমান্ডে নেওয়া হবে। মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
এর আগে ৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তাকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা। অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন। গ্রেফতারের পর তিনি সেখানেই র্যাবের প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে প্রায় সাড়ে আট কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেকসহ তিনজনকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। টাকাগুলো ‘একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য’ দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সে সময় জানান র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।



