
খেলাপি ঋণে জিরো টলারেন্স করা হচ্ছে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: খেলাপি ঋণে গ্রহণ করা হচ্ছে জিরো টলারেন্স (শূন্য সহনীয়) নীতি। প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইনও সংশোধন করা হবে। নেওয়া হবে নানামুখী ব্যবস্থাও। এরই অংশ হিসেবে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য অর্থঋণ আদালতও গতিশীলের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোতে যাতে খেলাপি ঋণ কমে আসে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। জানুয়ারিতেই ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বসছেন ব্যাংক মালিকরা।
জানা গেছে, নানামুখী নীতি পরিবর্তন করেও খেলাপি ঋণের কারণে ডিসেম্বরভিত্তিতে তেমন ভালো মুনাফা করতে পারে নি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। কারণ খেলাপি ঋণ বেশি হলে ব্যাংকগুলোকে অধিক হারে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করতে হয় বাংলাদেশ ব্যাংকে। এ অংশ যায় মূলত মুনাফা থেকেই। প্রভিশন আর কর বাদ দেওয়ার পরই আসে মূল মুনাফা (নিট মুনাফা)।
বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী- সাধারণ মান, নিম্নমান, সন্দেহজনক ও আদায় অযোগ্য ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে যে হারে নিরাপত্তা সঞ্চিতি রক্ষা করতে হয়, তা হলো যথাক্রমে শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ,২০ শতাংশ, ৫০ শতাংশ ও ১শ শতাংশ। ডিসেম্বরভিত্তিতে ব্যাংকিং খাতে নিরাপত্তা সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৮ হাজার ১২৭ কোটি টাকা। গত বছর জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৬ হাজার ৭৬৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) তা বেড়েছে ২৫ হাজার ৬৭ কোটি টাকা। এতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৩৭০ কোটি টাকা।
এ অঙ্ক পুনঃতফসিল ও অবলোপন করা ঋণ ছাড়া। পুনঃতফসিল ও অবলোপন করা ঋণের পরিমাণ যোগ করলেদেশ স্বাধীন হবার পর থেকে এ পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় দেড়লাখ কোটি টাকার মতো।
সূত্র জানায়, অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংক খাত নিয়ে কয়েকটি কঠোর বার্তা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। এসব বার্তার মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘আজ (১০ জানুয়ারি) থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়ানো যাবে না।’
জানা গেছে, প্রয়োজনে ব্যবসায়ীদের সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনা হবে। একই সঙ্গে ব্যাংকগুলো যাতে খেলাপি ঋণ আদায় এবং ঋণ আর খেলাপি না হয় সে ব্যাপারে আরও সচেষ্ট হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হতে পারে। কথা চলছে ব্যাংকিং কমিশনের ব্যাপারেও।



