
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
কুমিল্লার চাঞ্চল্যকর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে তার পরিবার। ইতিমধ্যে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। তবে একমাত্র সন্তান অপ্রতিমকে হারানোর পর থেকে তার মা-বাবা শোকে দিন কাটাচ্ছেন। দ্রুত বিচার শুরু এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
গত সেপ্টেম্বর মাসে কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে জানা যায়, একটি আইফোন ছিনতাই এবং মাত্র ৫ হাজার টাকার বিরোধের জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন উদ্ধার হয় মরদেহ। সন্তানকে হারিয়ে শোকের ভারে ভেঙে পড়েছে পরিবার। দীর্ঘ তদন্ত শেষে গত ২০ অক্টোবর এ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। কিন্তু চার্জশিট জমা হলেও সন্তান হারানোর বেদনা ও বিচারের অপেক্ষা কমেনি বাবা-মায়ের। তাদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত বিচার শেষ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
রবিবার (৮ নভেম্বর) অভিযোগপত্র নিয়ে সন্তুষ্টি ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে প্রত্যাশা জানতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তিনি বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার তিন মাসের মধ্যে যেন হয়। আমাদের এলাকার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, “তিন মাসের মধ্যে বিচারকার্য শেষ হবে।” স্বরাষ্ট্রমন্ত্রীও এ ধরনের কথা বলেছেন। বিচার বিভাগ ও বাংলাদেশের প্রচলিত আইনের ওপর আমাদের আস্থা আছে। আশা করছি, বিচার দ্রুতই হবে। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’
অভিযোগপত্র নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে ফিরোজ শাহরিয়ার বলেন, ‘সন্তুষ্ট হওয়া না হওয়ার মতো কিছু নেই। আমার সন্তান নেই। তবে আমরা চাই, কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। যারা দোষী সাব্যস্ত হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’
হত্যাকাণ্ডের কারণ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অপ্রতিম ১৩ বছরের একটি শিশু। সে তাদের সঙ্গে খুশি মনে গিয়েছিল। ফোনের জন্য তাকে কেন মারতে হলো? তারা তো তার পরিচিত ছিল। ফোনটি নিয়ে গিয়ে ১০ মিনিট পরে আসবে বললেও পারতো। কিন্তু এভাবে মারার কারণ কী—এটা আমার মাথায় আসে না। চারজনকেই দেখে খুব স্বাভাবিক মনে হয়েছে। কেউ বাসা থেকে পালায়নি। একজন আমাদের সহায়তাও করেছিল। তারা কি ভেবেছিল, এভাবে অভিনয় করলে তাদের ধরা যাবে না, নাকি তাদের পেছনে কেউ ছিল—এসব প্রশ্ন এখনও আমার মনে ঘুরছে। কেন মারলো, এই একটাই প্রশ্ন আমার।’
সন্তান হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করে ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমরা আমাদের সন্তানের হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই। এখানে দুইজন আসামির বয়স ১৯ বছর। তাদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আর যাদের কিশোর বিবেচনায় গাজীপুরে পাঠানো হয়েছে, তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয়। কেউ কিশোর বলে যেন পার পেয়ে না যায়। বাংলাদেশে প্রচলিত আইনে যার যে শাস্তি প্রাপ্য, তা নিশ্চিত করতে হবে। আমরা সন্তানকে ফিরে পাবো না, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনও বাবা-মাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। আমাদের এখন একটাই প্রত্যাশা—দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের শেষ চাওয়া, দ্রুততম সময়ে এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অপ্রতিমের বাবা-মা হিসেবে আমরা যে কষ্ট পেয়েছি, তা যেন আর কোনও বাবা-মাকে পেতে না হয়। অন্তত এই বিবেচনায় হলেও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং এর মাত্রা আরও বেড়ে যেতে পারে।’
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।
আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় হত্যা
পুলিশের তদন্ত অনুযায়ী, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিচারের দাবিতে প্রতিবাদ
অপ্রতিম হত্যার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের সৃষ্টি হয়। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। পরদিন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ২২ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান তারা। পরে ১৩ অক্টোবর দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল। তবে অভিযোগপত্রে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।
বাংলা ট্রিবিউন



