প্রধান খবরবাংলাদেশ

মারা গেছেন দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী

দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী (৫৫) আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তার ভাই মো. আলী চৌধুরী জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভোর সোয়া ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৯৬৪ সালের ২১ জুন রাজধানী ঢাকার গ্রিন রোডে আবু বকর চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হালিম চৌধুরী ও মা রাজিয়া খাতুন। ৯ ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালের ১ অক্টোবর দিল আফরোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যয়ন’ পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর তিনি ‘সাপ্তাহিক খবর’-এর নির্বাহী সম্পাদক, ১৯৯৫ সালে ‘আজকের কাগজ’-এ সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন।

একসময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে ‘আমাদের সময়’ পত্রিকায় যোগ দেন। ওই বছরের অক্টোবরে তিনি ‘সকালের খবর’-এ বার্তা সম্পাদক ও ২০১১-এর এপ্রিলে ‘সমকাল’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠ’-এ যোগদান করেন। এর পর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ পর্যন্ত তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন। ২০১৭ সালে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার বাদ আসর তার ধানমণ্ডির ১১/এ, ৪২ নম্বর রোডসংলগ্ন বাসার পাশে তাকওয়া মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension