
লর্ডসে অভিষেক টেস্টে সৌরভের ব্যাটের হ্যান্ডেলে টেপ বেঁধে দিয়েছেলেন সচিন
রূপসী বাংলা ডেস্ক:ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলরের যুগলবন্দী মাঠ ও মাঠের বাইরে বরাবরই দুর্দান্ত। নিজের আত্মজীবনী গ্রন্থে সৌরভ তাঁর ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন দিক তুলে ধরেছেন। একটি সাক্ষাত্কারে সৌরভ ১৯৯৬-এ লর্ডসে তাঁর অভিষেক টেস্টের একটি ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চা-পানের বিরতির সময় তাঁর ব্যাটের হ্যান্ডেলে টেপ বেঁধে দিয়েছিলেন সচিন।
সৌরভ জানিয়েছেন, ‘আমার প্রথম টেস্টে চা-পানের বিরতির সময় ১০০ রানে অপরাজিত ছিলাম। ছয় ঘন্টার ব্যাটিংয়ের পর চা-পানের বিরতিতে দ্রুত ড্রেসিংরুমে ফিরে এসেছিলাম। আমার ব্যাটের হ্যান্ডেলটা কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল। আমি প্যাড পরেই বসেছিলাম..এক কাপ চা দেওয়া হয়েছিল আমাকে। চা-পানের বিরতি ছিল মাত্র ১৫ মিনিট। আমি তাই, তাড়াতাড়ি হ্যান্ডেলে টেপ বাঁধছিলাম। তা দেখেই ছুটে আসে সচিন। আমাকে বলে, তুমি বিশ্রাম নাও, চা খাও। তোমাকে তো ব্যাট করতে নামতে হবে। আমি টেপ বেঁধে দিচ্ছি’।



