বাংলাদেশের পথেমুক্তিযুদ্ধস্বাধীনতা

স্বাধীনতার পথে- ২ ফেব্রুয়ারি ১৯৭১

২ ফেব্রুয়ারি ১৯৭১
 
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোকে লাহোরে কাউন্সিল মুসলিম লীগের সভাপতি জনাব মিয়া মমতাজ দৌলতানা একটি কার্যকরী ফেডারেশন শাসনতন্ত্র প্রণয়নের জন্য নিজের এবং তাঁর দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
 
পাঞ্জাব কৃষক সমিতির সভাপতি ও গুজরাট জাতীয় পরিষদের সদস্য জনাব আমানউল্লাহ এবং লায়ালপুর হতে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য জনাব খান সাহেব আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁরা দেশের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে আলোচনা করেন।
 
পূর্ব পাকিস্তানের জন্য প্রস্তাবিত ক্যাপিটাল ব্যাংক প্রতিষ্ঠা নীতিগতভাবে স্থিরকৃত হলেও পার্লামেন্টারি সরকার গঠন না হওয়া পর্যন্ত ব্যাংকের উদ্বোধন বিলম্বিত হতে পারে বলে প্রকাশ। উল্লেখ্য ৩ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংক তার কার্যক্রম চালু করবে, যার দেড় কোটি টাকার শেয়ার সরকার ক্রয় করবে।
 
তথাকথিত কাশ্মির যুক্তফ্রন্টের দুই তরুণ কর্তৃক ভারত থেকে হাইজ্যাককৃত বিমানের ২৫ জন যাত্রী এবং ৪জন ক্রুকে পাকিস্তান ভারতের নিকট সমর্পণ করে। পাক পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র বলেন, বিমান হাইজ্যাকের ঘটনা অধিকৃত কাশ্মিরে নির্যাতন ও দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।
 
মরিশাসের প্রধানমন্ত্রী স্যার শিবসাগর রামগোপাল পাকিস্তানে ছয় দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় আসেন। ঢাকা অবস্থানকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদমজী জুট মিলস পরিদর্শন করবেন।
 
চট্টগ্রামে ‘এনা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান যদি তাঁদের সমাজতন্ত্র কায়েমের প্রতিশ্রুাতির মর্যাদা রক্ষা করেন তা হলে দীর্ঘকাল তাঁরা শাসনকার্য পরিচালনায় সক্ষম হবেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension