ভারত

বিজেপি ব্যান্ডপার্টির টিম: মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:বিজেপি পার্টিটা আদপে একটা নির্বাচনী ব্যান্ড৷ শুক্রবার জলপাইগুড়িতে মোদীর সভার পরই পাল্টা সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মমতা মোদীকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি একটা ব্যান্ডপার্টি৷ ভোট আসলে দেখা যায়৷ আর ভোট মিটলেই হাওয়া৷ এখন বর নেই, কনেও নেই শুধু নির্বাচনী ব্যান্ড রয়েছে৷

এদিন জলপাইগুড়িতে সভা করতে এসে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী৷ পাল্টা মমতাও মোক্ষম জবাব দেন মোদীজিকে৷ উত্তরবঙ্গে জন্য কিছুই করেননি মোদী বলে এদিন তিনি জানিয়ে দেন৷ মমতার দাবি, ‘‘যা করেছে রাজ্য করেছে৷ কেন্দ্রের সরকার আমাদের পাওনা টাকা তো দেয়ই না বরং রাজ্য থেকে ঝুড়ি ঝুড়ি ট্যাক্স নিয়ে চলে যায়৷’’

এই প্রথম নয়, আগেও বহুবার রাজ্যের ঋণমকুব ও পাওনা বরাদ্দ কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস৷ মমতা এদিন মোদীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘ভোট আসলেই মোদীজি চা-ওয়ালা হয়ে যান৷ আর ঢালাও প্রতিশ্রুতি দেন৷ কিন্তু ভোট মিটলেই তিনি রাফালওয়ালা৷ তিনি ভোটের সময় রাজনীতি করতে আসেন৷’’ তাঁর আরও দাবি, ‘‘মনে রাখবেন আমরা উত্তরবঙ্গের ঢালাও উন্নয়ন করেছি৷ কিন্তু মোদী যে এক্সপেয়ারি বাজেট ঘোষণা করেছে তা কার্যকর হবে না৷ কারণ বিজেপির এক্সপেয়ারি ডেট হয়ে গিয়েছে৷ আর একমাস তারা ক্ষমতায় রয়েছে৷ নতুন যে সরকার আসবে সেই সরকার নতুন বাজেট ঘোষণা করবে৷’’

মহাগঠবন্ধন নিয়েও এদিন মোদীকে হুঁশিয়ারি দেন মমতা৷ তাঁর কথায়, ‘‘আমাদের সত্যাগ্রহ দেখে উনি ভয় পেয়েছেন৷ আর ভয়ে প্রলাপ বকছেন মোদী৷’’ শুধু তাই নয়, মহাগঠবন্ধন নিয়ে মমতার দাবি, ‘‘সকলে এক থাকলে বিজেপি ১০০ আসনও পাবে না এটা বলতে পারি৷’’ এছাড়াও মহাগঠবন্ধনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে ১৩-১৪ তারিখ দিল্লি যাচ্ছেন বলে জানান মমতা৷ তাঁর দাবি, ‘‘মোদীকে হঠিয়ে দেশ রক্ষার জন্য সকলে এক হয়ে লড়ব৷ যে রাজ্যে যে বেশি শক্তিশালী সেই লড়বে৷’’

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রীকে চোর বলেও দাবি করেছেন৷ মমতার দাবি মোদী তাঁর স্লোগান চুরি করেছেন৷ মমতার যগাই-মাধাই-গদাই স্লোগান চুরি করেছে মোদী বলেও সাংবাদিক বৈঠকে দাবি করেছেন মমতা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension