
পরমাণু অস্ত্র ছাড়াই ‘বৃহৎ শক্তি’ হবে পিয়ংইয়ং
রূপসী বাংলা নিউজ ডেস্ক: পরমাণু অস্ত্র কর্মসূচি প্রত্যাহারের পরও বিশ্বের ‘বৃহত্তম অর্থনৈতিক শক্তি’হতে পারে উত্তর কোরিয়া। এ কথা বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে দেয়া এক বার্তায় তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ্য করে বলেন, এই জাতিটি ‘অন্য যে কোনো দেশের চাইতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করবে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ‘পিয়ংইয়ং এখনও একটি পরমাণু হুমকি’ বলে মন্তব্য করার মাত্র কয়েক ঘণ্টা পরেই এই টুইট করলেন ট্রাম্প।
রোববার ওই টুইটারে ট্রাম্প বলেন, ‘সম্ভবত অন্য যে কারো চাইতে চেয়ারম্যান কিম এটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে, পরমাণু অস্ত্র ছাড়াই তার দেশ বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে দ্রুত অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। দেশটির অবস্থান, এর জনগণ এবং কিমের কারণে এটি অন্য কোনো দেশের তুলনায় দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে।’
ভিয়েতনামে চলতি মাসের ২৭-২৮ তারিখে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার আগে এ কথা বললেন ট্রাম্প। এর আগে দুই নেতা গত জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মত বৈঠকে মিলিত হয়েছিলেন।
প্রথম বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘সিঙ্গাপুরে প্রথম বৈঠকে যে অগ্রগতি হয়েছিল আমরা দুইজন তা অব্যাহত রাখেতে পারবো বলে আশা করছি।’
এর আগে রোববার সন্ধ্যায় ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার ‘অনেক অনেক ভালো সম্পর্ক’ রয়েছে।
সূত্র: বিবিসি



