
চীনা পণ্যে শুল্ক বাড়াতে দেরি করবেন ট্রাম্প
রূপসী বাংলা নিউজ ডেস্ক: চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ব্যাপারে আরও বিলম্ব করবে মার্কিন সরকার। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতি’ হয়েছে উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন বলে সোমবার এক টুইট বার্তায় জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ থেকে চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের কথা ছিল।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, দু’পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টিকারী বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার পর অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষা, প্রযুক্তি হস্তান্তর, কৃষি, সেবা ও মুদ্রা ইস্যু।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনার ফলাফলের কারণে আমি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়াতে দেরি করব। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যে শীর্ষ বৈঠকে বসার পরিকল্পনা করেছি আশা করি তাতে আরও অগ্রগতি হবে এবং একটি চুক্তি হবে। এটা ছিল আমেরিকা ও চীনের জন্য চমৎকার একটি সপ্তাহ।’
গত বছর পাল্টাপাল্টি শুল্কারোপ করে দুই অর্থনৈতিক পরাশক্তিধর দেশ যু্ক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের বাণিজ্য যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলে। এরই মধ্যে বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে একাধিকবার আলোচনা করেছে দুই দেশ।



