প্রধান খবরবাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

রূপসী বাংলা নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার বিকাল ৪টা ৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হয়।

এদিন দুপুরে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। এর কিছুক্ষণ পরই সংশ্লিষ্ট চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেন।

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন। সেখানে তিনি হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ এর তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। সেইসঙ্গে কিছু নেতাকর্মীও রয়েছেন। এছাড়া বিএসএমএমইউতে যেসব চিকিৎসক ওবায়দুল কাদেরর চিকিৎসার দায়িত্বে ছিলেন তারাও তার সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে তিনটায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ-তে নিয়ে ভর্তি করানো হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকালই একটিতে রিং পরানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension