
জাপানে বন্যা: ঘরবাড়ি ছাড়ছে আড়াই লাখ মানুষ
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: জাপানে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় বুধবার সে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো থেকে ২ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়ার এক বিরল নির্দেশ জারি করেছে সরকার। এদিকে প্রবল বর্ষণে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তার।
জাপানের আবহাওয়া সংস্থা কিউশুর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারির পর বুধবার লোকজনকে সরিয়ে নেয়ার এ নির্দেশ জারি করা হয়।
আবহাওয়া সংস্থাটি আরো জানিয়েছে, উত্তর কিউশু’র কিছু অংশে প্রচুর বৃষ্টি হয়েছে যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। তাই ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সরকারের ওই নির্দেশে বলা হয়, ব্যাপক মহা বিপর্যয়ের সম্ভাবনা থাকায় লোকজনের জীবন রক্ষায় এ নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ ও সতর্কবার্তা জারি করা হলেও তা বাধ্যতামূলক নয়।
দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সেখানে কাজ করছে।
বুধবার সকালে জরুরি ভিত্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপান আবহাওয়া সংস্থা বলেছে, ‘আমরা বিভিন্ন নগরীতে নজিরবিহীন বৃষ্টিপাত হতে দেখছি। এসব নগরীর জন্য আমরা বিশেষ সতর্কবার্তা জারি করেছি।’
সূত্র: বাসস



