
টাইব্রেকারে হার বাংলার, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কেরল
রূপসী বাংলা ডেস্ক:বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্তোষ ট্রফির ফাইনালে টাইব্রেকারে বাংলাকে ৪-২ গোলে হারিয়ে দিল কেরল। এই নিয়ে ষষ্ঠবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল কেরল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এক্সট্রা টাইমের পর ফল হয় ২-২। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে লালকার্ড দেখেন বাংলার রাজন বর্মন। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় বাংলাকে। ১১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েও, শেষমুহূর্তে ফ্রি-কিক থেকে তীর্থঙ্কর সরকারের গোলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলা। কিন্তু অঙ্কিত মুখোপাধ্যায় ও নবি হুসেইন খান টাইব্রেকার নষ্ট করায় বাংলা ৩৩-তম সন্তোষ ট্রফি জিততে পারল না।
আজ ১৯ মিনিটের মাথায় প্রথমে গোল করে কেরলকে এগিয়ে দেন জিতিন এম এস। ৬৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান বাংলার অধিনায়ক জিতেন মুর্মু। ১১২ মিনিটে লালকার্ড দেখেন রাজন। ১১৭ মিনিটে কেরলকে এগিয়ে দেন ভিবিন টমাস। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে সমতা ফেরান তীর্থঙ্কর। বাংলার হয়ে টাইব্রেকারে গোল করেন তীর্থঙ্কর ও সঞ্চয়ন সমাদ্দার।



