ভার্চুয়াল সম্মেলন, ডেমোক্র্যাটদের নতুন কৌশল
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। রাজ্যেগুলোতে চলছে প্রচার।
ট্রাম্প? নাকি জো বাইডেন হতে যাচ্ছেন আগামীর প্রেসিডেন্ট, তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। রিপাবলিকান শিবির থেকে প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ডেমোক্র্যাট শিবিরও তাদের প্রার্থী হিসেবে জো বাইডেনের নাম ঘোষণা করেছে।

গত মঙ্গলবার দলীয় সম্মেলনে প্রবীণ এ রাজনীতিবিদকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন সাবেক শীর্ষ নেতারা। চার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান নেতা কলিন পাওয়েলসহ খ্যাতনামা রাজনীতিবিদরা।
এ বছর করোনাভাইরাস মহামারীর কারণে ভার্চুয়াল পদ্ধতিতে হচ্ছে ডেমোক্র্যাটদের সম্মেলন। আয়োজনের প্রথম দিন জ্বালাময়ী বক্তব্য রেখে প্রশংসা কুড়িয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। দ্বিতীয় দিন রেকর্ডকৃত ভাষণে বক্তব্য দেন বিল ক্লিনটনসহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান বক্তব্যে বিল ক্লিনটন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। অথচ আমরাই একমাত্র বড় শিল্প অর্থনীতি যাদের বেকারত্বের হার তিনগুণ হয়েছে। এমন সময়ে ওভাল অফিসের একটি নির্দেশনা কেন্দ্র হওয়া উচিত। কিন্তু এর পরিবর্তে সেটি হয়ে উঠেছে ঝড়ের কেন্দ্র। সেখানে রয়েছে শুধু অরাজকতা।’
এবারের কনভেনশনের লক্ষ্য যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা। তরুণরা বিল ক্লিনটনের মতো বয়স্ক ব্যক্তির কথায় দৃষ্টি ঘোরাবে কি না তা নিয়ে সংশয় ছিল বিশ্লেষকদের মধ্যে।
কিন্তু ক্লিনটন তার বক্তব্য দেওয়ার পর গোটা পরিস্থিতি পাল্টে গেছে। উল্টো বলা হচ্ছে, ডেমোক্র্যাটরা অতীতের তুলনায় এবার নতুন কৌশল নিয়েছেন ভোটের রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মন্ত্রিসভার সদস্য কলিন পাওয়েল ট্রাম্পকে মিথ্যাবাদী উল্লেখ করে বাইডেনের পক্ষে প্রচারণা চালান।

তার আগে গত সোমবারও প্রায় আধা ডজন রিপাবলিকান নেতা বাইডেনের সমর্থনে ডেমোক্র্যাটদের সম্মেলনে অংশ নেন। প্রয়াত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের স্ত্রী সিনডি ম্যাককেইন সম্মেলনে বাইডেনের সঙ্গে তার স্বামীর বন্ধুত্বের কথা জানান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ট্রাম্পের নেতৃত্বের ওপর তীব্র আক্রমণ করে ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য দেন।
গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবারও চলবে ডেমোক্রেটিক পার্টির এ নির্বাচনী সম্মেলন। এতে বক্তব্য দেবেন এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার জো বাইডেনের বক্তব্যের মাধ্যমে শেষ হবে এ সম্মেলন।
এর আগে কখনও একসঙ্গে সাবেক ডেমোক্র্যাট নেতাদের কোনও মঞ্চে দেখা যায় নি। এবার কনভেনশনকে কেন্দ্র করে সাবেক নেতাদের এই মিলন রিপাবলিকান শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্পের কারণে রিপাবলিকান শিবির এমনিতেই বেকায়দায় আছে।
এর মধ্যে যুক্ত হয়েছে দেশের বাজে অর্থনৈতিক অবস্থা ও করোনাভাইরাস পরিস্থিতি। গতকাল সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই কার্যকরী পদক্ষেপ নিলে এত মানুষের মৃত্যু হতো না।❐



