
লন্ডনের দুই শতাধিক যাত্রী নিয়ে সিলেটে বিমান
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডন থেকে ২০২ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে। এই ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের। বাকী ৩৭ যাত্রীকে নিয়ে ১০টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী ছাড়ে উড়োজাহাজটি।
ইংল্যান্ডে করোনার নতুন রূপ ছড়িয়ে পড়ায় ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার অন্তত ৩৪টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
এমন পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে এল বাংলাদেশ বিমান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে ৭ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনই বন্ধ করছে না সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, গত ৭ দিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।❐



