
রিহানা-গ্রেটা থানবার্গের টুইটে ক্ষুব্ধ ভারত সরকার
সম্প্রতি ভারতে কৃষক আন্দোলনের পক্ষ নিয়ে টুইটারে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা রিহানা এবং সক্রিয় পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গের। তবে তাদের টুইট করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে ভারত সরকার।
টুইটারে রিহানা বেশ পরিচিত মুখ। প্রায় ১০ কোটি টুইটার অ্যাকাউন্ট ফলো করে রিহানাকে। কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণমাধ্যম সিএনএন এর করা এক প্রতিবেদন টুইটারে শেয়ার করে এই পপ গায়িকা লেখেন, ‘আমরা কেন এটা নিয়ে কথা বলছিনা?’ ছবিতে দেখা যাচ্ছিলো, কৃষক আন্দোলন দমন করতে প্রাণঘাতী হতে পারে এমন অস্ত্র ব্যবহার করছে ভারত সরকার।
তার টুইটের কিছুক্ষণ পরেই সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ টুইট করেন, ‘আমরা ভারতের কৃষক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি’, যেখানে হ্যাশট্যাগ ‘ফারর্মাস প্রোটেস্ট’ শব্দটি ব্যবহৃত হয়েছে। তার ফলোয়ার সংখ্যাও প্রায় ৪৬ লক্ষ। তবে ভারত সরকার এটিকে মোটেও ভালোভাবে নেয়নি।
রিহানা কিংবা গ্রেটাকে উল্লেখ না করে সরকার মন্তব্য করেন যেন তারকারা পুরোপুরি ব্যাপারগুলো না বুঝেই তাড়াহুড়া করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর হ্যাশট্যাগ দেওয়ার লোভ যখন তারকা পর্যায়ের কারও কাছ থেকে ঘটে, তখন এটা একইসঙ্গে দায়িত্বহীন এবং ভুল আচরণ।’
রিহানার এই টুইটে জবাব দিয়েছেন অমিত শাহ। তিনি লিখেছেন, ‘কোনও প্রচারণা ভারতের সংহতিকে প্রভাবিত করতে পারবে না। এমনকি সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকার হ্যাশট্যাগ ‘ইন্ডিয়া অ্যাগেইনস্ট প্রোপাগান্ডা’ লিখে মন্তব্য করেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস নয়। বহিঃশক্তি ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে পারে, তবে অংশ নিতে পারে না।’
ভারতের বিজেপি সরকার চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে আগের কৃষি আইন সংস্কার করে নতুন নীতিমালা নির্ধারণ করেন। তবে নতুন আইনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও, আইন বাতিল না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। কয়েক মাস ধরে চলমান এই আন্দোলন ১৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আরও জোরদার হয়। আইন বাতিলের দাবি নিয়ে কয়েক মাস ধরেই দিল্লি অবরোধ করে বিক্ষোভ করছেন এই কৃষকরা।❐



