আঞ্চলিকবাংলাদেশ

নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মারা গেছেন

নোয়াখালীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) মারা গেছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন বোরহান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে বোরহান উদ্দিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গলায় গুলি লাগায় বোরহানের অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার সমর্থকদের চাপরাশিরহাট দলীয় কার্যালয়ে উপস্থিত হতে বলেন।

কিন্তু তার আগে চরফকিরা ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনের নেতৃত্বে কাদের মির্জার সমর্থকরা ওই কার্যালয়ে এসে উপস্থিত হন। নির্ধারিত সময়ে বাদলের সমর্থকরা দলীয় কার্যালয়ে এলে লিটনের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় সংবাদ সংগ্রহে গিয়ে গুলিবিদ্ধ হন বার্তা বাজার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির। গুলিবিদ্ধ বোরহানকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension