প্রধান খবরবাংলাদেশ

সারা বিশ্বে সাংবাদিকদের ওপর আক্রমণ বাড়ছে

রূপসী বাংলা ডেস্ক:১৯৯০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত সারা বিশ্বে আড়াই হাজারের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তবে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর দিন ছিল গত সোমবার (৩০ এপ্রিল)। সেদিন আফগানিস্তানে জোড়া বোমা হামলায় মোট ১০ জন সাংবাদিক ও ফটোগ্রাফার নিহত হন। আর সাংবাদিক ও মিডিয়াকর্মীদের অধিকারসংক্রান্ত সংগঠনগুলো হিসেব বলছে, সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তু হবার ঘটনা ক্রমশ্যই বাড়ছে।

বৃহস্পতিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশন আইএফজে এবং অন্যান্য সংগঠনগুলো।

আইএফজে জানায়, চলতি বছরের প্রথম চার মাসেই সারা বিশ্বে মোট ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন। মিডিয়া অধিকার সংগঠনগুলো ১৯৯০এর দশক থেকে এ পর্যন্ত যে সাংবাদিকরা নিহত, আটক বা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। তাদের জরিপের মধ্যে মিডিয়া কর্মী, সাংবাদিকদের যোগাযোগকর্মী, অনুবাদক, গাড়িচালকরাও রয়েছেন।

এদিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে কম-৮২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ২০১৭ সালে। এর মধ্যে মেক্সিকোতে ১৩ জন, আফগানিস্তানে ১২ জন, ইরাকে ১১ জন আর সিরিয়াতে ১০ জন নিহত হন। বাংলাদেশ নিহত হয়েছেন একজন এবং ভারতে ৬ জন।

২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় থেকে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে যায়। ২০০৬ সালে ১৫৫ জন এবং ২০০৭ সালে ১৩৫ জন সাংবাদিক নিহত হন।

সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট বা আইএসের উত্থানে পরও সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন শুধুই সাংবাদিক বলেই। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সংগঠনের রবার্ট ম্যাহোনি বলেন, এই সাংবাদিকরা ক্রসফায়ারের বা গোলাগুলির মধ্যে পড়ে মারা যাননি, তাদের উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়েছে।

এছাড়া ২০১২ সালের পর কয়েকজন বিদেশী সাংবাদিককে অপহরণ এবং শিরশ্ছেদের ঘটনার পর সংবাদ প্রতিষ্ঠানগুলো বিপজ্জনক এলাকায় সংবাদদাতা পাঠানো কমিয়ে দেয়। একারণে এই সময় থেকে স্থানীয় সাংবাদিকরাই বেশি আক্রমণের শিকার হয়েছেন।

যুদ্ধ চলছে না এমন দেশগুলোর মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ফিলিপিনস, রাশিয়া এবং মেক্সিকো।

আইএফজের কর্মকর্তা আর্নেস্ট সাগাগা দাবি করেন, আফগানিস্তান ও মেক্সিকোর সশস্ত্র সংগঠনগুলোর লক্ষ্য-উদ্দেশ্যে পার্থক্য থাকলেও, সাংবাদিকদের ওপর আক্রমণ ও দমনের ক্ষেত্রে তাদের নীতির কোন পার্থক্য নেই।

তিনি আরও বলেন, কখনো কখনো তারা বন্দুকধারী বা খুনি ভাড়া করে, কিন্তু আসল ঘাতক, যে হত্যার নির্দেশ দিয়েছে সে সবসময়ই বিচারের বাইরে থেকে যায়।

কারাবন্দী সাংবাদিকরা
গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দী হয়েছেন ২০১৭ সালে – মোট ২৬২ জন। আর সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দী হয়েছেন তুরস্কে ৭২ জন, চীনে ৪১ জন আর মিশরে ২০ জন।

সাংবাদিকদের মুখ বন্ধ রাখা এবং ভীতি প্রদর্শনের জন্য সবসময়ই তাদের জেলে পাঠানোকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন সাগাগা।

সূত্র: বিবিসি বাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension