
মেয়র দ্বয় মশা মারতে ব্যর্থ, ফুটপাতে মশারি টানিয়ে প্রতিবাদ
মশার উপদ্রব থেকে রেহাই পেতে ফুটপাতে মশারি টানিয়ে প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
প্রতীকী এই প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়, সংগঠনের একজন কর্মী মশারি টানিয়ে শুয়ে আছেন। মশার কামড়ে একটু পরপর তিনি ঘুম থেকে উঠে যাচ্ছেন এবং মশা মারছেন।
মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার বলেন, ‘রাজধানীতে মশার উপদ্রব ব্যাপক আকার ধারণ করেছে। বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই এখন মশা। এ যেন মানুষের নয়, মশার রাজধানী। ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না। ওষুধ কার্যকর হচ্ছে না। মশার প্রকোপ এত বেশি যে মশারি, কয়েল আর স্প্রেও কোন কাজে আসছে না। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় ৪ গুণ।’
তিনি আরও বলেন, ‘দু্ই সিটি করপোরেশন আগে থেকেই মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে নগরবাসীকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বিভিন্ন এলাকায় মশক নিধন কর্মীদের দায়িত্ব অবহেলার ফল এখন মানুষ ভোগ করছে। ভাড়াটিয়াদের অভিভাবক হিসেবে বাড়িওয়ালাদেরও কিছু দায়িত্ব আছে। আপনারা নিজেদের উদ্যেগে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং মশক নিধন কর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওষুধ দিন।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাকসুদুর রহমান, জামাল শিকদার, শাহজাহান সিরাজ, আজম মোল্লা, মোস্তফা কামাল প্রমুখ।❐



