
‘অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার সত্যতা পাওয়া যায় নি’
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়া বন্ধের কোনো কারণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার কারণে রক্ত জমাট বাঁধার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি।
এদিকে শুক্রবার বিবিসি জানায়, বুলগেরিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলো এই ভ্যাকসিনের ব্যবহার স্থগিত রেখেছে।
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘ভ্যাকসিন নেওয়া ও রক্ত জমাট বাঁধার ঝুঁকির মধ্যে কোনো যোগসূত্র নেই।’
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি ‘দুর্দান্ত’ ভ্যাকসিন এবং এর ব্যবহার অব্যাহত রাখা উচিত।’
ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ইউরোপীয় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন।
বিবিসি জানায়, ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। ইতালিতে রক্ত জমাট বেঁধে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
হ্যারিস জানান, নিরাপত্তার প্রশ্নে বিষয়গুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত করছে।❐



