প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশের হাসপাতালে করোনা রোগীতে ঠাসা সব শয্যা

দুই সপ্তাহ ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। বৃহস্পতিবার একদিনেই মৃত্যু হয়েছে ৫৯ জনের। গত মার্চে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৯ জন। তাদের মধ্যে ৪৮ হাজারই শনাক্ত হয়েছেন গত ১৪ দিনে।

শুধু শুক্রবারই রেকর্ডসংখ্যক সংক্রমিত হয়েছেন ৬৮৩০ জন। এতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় সব ধরনের শয্যার সংকট দেখা দিয়েছে। অনেক হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগীকে সেবা দেওয়া হচ্ছে। চার-পাঁচ হাসপাতাল ঘুরেও মিলছে-না কাঙ্ক্ষিত সেবা। এমনকি কোনো হাসপাতালে ভর্তি হতে না-পেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর ঘটনা ঘটছে। দেশে করোনার এই ভয়াবহ মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের অভিমত, ক্রমবর্ধমান হারে দেশে করোনা রোগী বাড়ছে। এই বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে কমপক্ষে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরি। সেখানে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং আইসোলেশনের ব্যবস্থাও থাকবে। তবে ফিল্ড হাসপাতালে অবশ্যই অক্সিজেনের ব্যবস্থা থাকতে হবে। এই হাসপাতাল স্থাপন করতে হবে জনবহুল এলাকায়। যাতে বিপুলসংখ্যক রোগী সেখানে আসতে পারে। মুমূর্ষু রোগীদের সেখান থেকে হাসপাতালে পাঠানো যেতে পারে। প্রয়োজনীয় চিকিৎসকের জন্য সদস্য সমাপ্ত ৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ করা যেতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও অভিমত, ফিল্ড হাসপাতাল স্থাপনের আগে বেশকিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ, গত বছর সংক্রমণের সময় সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে ফিল্ড হাসপাতাল করেছিল; কিন্তু সেটি এমন স্থানে করা হয়েছিল, যেটি ছিল শহরের অধিকাংশ আবাসিক এলাকা থেকে অনেক দূরে। ফলে সেটি তেমন কাজে আসেনি। শুধু অর্থের অপচয় হয়েছে। আবার রিজেন্টসহ বেশকিছু বেসরকারি হাসপাতালে করোনার সুচিকিৎসা নিশ্চিতে সরকারি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছিল। সেখানেও সব নিশ্চিত হয়নি। এমনকি রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালেও কোভিড রোগীদের জন্য অতিরিক্ত শয্যা স্থাপন করা হয়েছিল। সেগুলোও এখন বন্ধ। সব মিলিয়ে ফিল্ড হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শয্যা ও চিকিৎসাসেবা বাড়ানোর আগে অবশ্যই প্রয়োজনীয় যাচাই-বাছাই করা জরুরি। যাতে করোনা রোগীরা কার্যকর অর্থেই চিকিৎসাসেবা পান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সরকার ইতোমধ্যে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে তিন শতাধিক সাধারণ শয্যা এবং ৫৬টি আইসিইউ শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া যে হাসপাতালগুলো গত বছর কোভিড রোগীদের সেবায় যুক্ত করা হয়েছিল, সেগুলো ফের চালু করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর হাসপাতালগুলোর বর্তমান চিত্র খুবই নাজুক। শুক্রবার ঢাকার সরকারি-বেসরকারি ১৯টি হাসপাতালের সাধারণ শয্যা ৮৪ দশমিক ৬৯ শতাংশ এবং আইসিইউ ৮৩ দশমিক ৬৬ শতাংশ পূর্ণ ছিল। এর মধ্যে শতভাগ কোভিড ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যা ২৭৫টি, সেখানে রোগী ভর্তি আছে ৪৩২ জন। এই হাসপাতালে কোনো আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট-নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা খালি নেই। রাজারবাগ পুলিশ হাসপাতালে শয্যা আছে ২৫০টি, সেখানে রোগী ভর্তি আছে ৩০১ জন। বেসরকারি পর্যায়ে এভার কেয়ার হাসপাতালের ২৮টি শয্যায় রোগীতে পূর্ণ, এমনকি ২১টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। ইবনে সিনা হাসপাতালের ৪৪ শয্যাতেই রোগী ভর্তি। এএমজেড হাসপাতালের ৭৯ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৮২ জন। এসব হাসপাতালের আইসিইউ শয্যও খালি নেই। 

এ প্রসঙ্গে বিশিষ্ট রোগতত্ত্ববিদ এবং আইইডিসিআর (রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট)-এর উপদেষ্টা ড. মোশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল স্থাপন অতি জরুরি হয়ে পড়েছে। রোগীদের চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করতে দ্রুততম সময়ে ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে। বন্ধ হাসপাতালগুলো চালু করার সিদ্ধান্ত দেওয়া হলেও সেটি কার্যকর হতে দেরি হচ্ছে। তবে ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে জনবহুল এলাকায়। এমন কোনো স্থানে হাসপাতাল স্থাপন করা যাবে না, যেখানে জনসাধারণের পক্ষে যাওয়া-আসা দুরূহ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য সরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য সুবিধাদি বৃদ্ধি করা হচ্ছে। সব মিলিয়ে হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও কোনো রোগীকে সেবাবঞ্চিত করা হবে না। কিন্তু তারপরও কথা থেকে যায়। যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে-এভাবে চলতে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। এজন্য করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকেই এগিয়ে আসতে হবে এখনই। মাননীয় প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সব স্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে না-পারলে আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এক দিনের মাথায় নতুন রেকর্ড হয়েছে। শনাক্তের হার ছাড়িয়েছে ২৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ছয় হাজার ৮৩০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। এর মধ্যে এ পর্যন্ত নয় হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা দেশে মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। টানা কয়েক দিন শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হারও বেড়ে ২৩ দশমিক ২৮ শতাংশ হয়েছে, যা গত ৬ আগস্টের পর সর্বোচ্চ। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৪৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা আছে ৯৯৮টি, অক্সিজেন কনসানট্রেটর আছে ৮৭৭টি এবং অক্সিজেন সিলিন্ডার আছে ১৪ হাজার ৫৩৩টি। তবে এখনো সব হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

পরিস্থিতি বিশ্লেষণ করে অণুপ্রাণবিদ অধ্যাপক ডা. শেখ মো. শহীদউল্লাহ গণমাধ্যমকে বলেন, ক্রমবর্ধমান রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে অবশ্যই দ্রুত হাজার শয্যার ফিল্ড হাসপাতাল প্রস্তুত করতে হবে। চিকিৎসকের চাহিদা মেটাতে ৪২তম বিসিএস-এ উত্তীর্ণ চিকিৎসকদের এসব হাসপাতালে নিয়োগ দিতে হবে। সরকারি চিকিৎসকের ঘাটতি থাকলে চুক্তিভিত্তিক বেসরকারি চিকিৎসক নিয়োগ করা যেতে পারে। অন্যথায় রোগীর মৃত্যু রোধ করা সম্ভব হবে না।

প্রায় সপ্তাহ দুয়েক আগে রাজধানীর মহাখালীর ডিএনসিসি (ঢাকা নর্থ সিটি করপোরেশন) মার্কেটে এক হাজারের বেশি শয্যার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কোভিড শুরুর দিকে এখানে হাসপাতাল স্থাপনের জন্য বিপুল পরিমাণ সরঞ্জামও কেনা হয়। কিন্তু একটি মার্কেটকে হাসপাতালে রূপান্তরের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। তা ছাড়া এটি কবে নাগাদ প্রস্তুত করা যাবে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা সংক্রান্ত বিষয়ের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফিল্ড হাসপাতাল করার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। আমরা উপযুক্ত স্থান নির্ধারণের চেষ্টা করছি। স্থান নির্ধারণ করতে পারলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে দ্রুত হাসপাতাল স্থাপন ও কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। ডিএনসিসি মার্কেট প্রসঙ্গে তিনি বলেন, ওখানে হাসপাতাল স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি বাস্তবায়ন করছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension