
বাইডেনের মিথ্যাচার?
বাইডেন বলেছিলেন, আল কায়দার শক্তি অনেকটাই কমিয়ে দেওয়া গেছে। কিন্তু জেনারেলদের বক্তব্যে স্পষ্ট, এখনো তাদের যথেষ্ট প্রভাব আছে: রিপাবলিকান
আনিসুজ্জামান মুহাম্মদ
মিস্টার প্রেসিডেন্ট, আপনি আমেরিকান জনগণের কাছে যে সব মিথ্যাচার করেছেন, তা নিয়ে কি আফসোস করেন? এক বছর আগে, ২০২০ সালের ১৩ আগস্ট বিকেল। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে হাফিংটন পোস্টের সাংবাদিক এস ভি ডেইট প্রশ্নটি করেছিলেন সেসময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
এরপর নির্বাচন হলো। নির্বাচনে ট্রাম্প পরাজিত হয়ে হোয়াইট হাইজ ছাড়লেন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে এলেন। কিন্তু তার বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি আফগানিস্তান প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেন মিথ্যাচার করেছেন বলে পত্রপত্রিকগুলোতে খবর চাউর হয়েছে।
আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার না করে দেশটিতে ২,৫০০ সেনা রেখে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দুই শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি ও জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাককেনজি।
গেল আগস্ট মাসেই যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন । সেখানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেছেন, আফগানিস্তানে সৈন্য রেখে দেওয়ার কোনো পরামর্শের কথা তিনি মনে করতে পারছেন না।
কিন্তু প্রেসিডেন্ট মনে করতে না পারলেও সিনেটে সেনা জেনারেল আবারো একই কথা বলায় সমস্যায় পড়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জেনারেল মার্ক মিলি ও জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাককেনজি যে সাক্ষ্য দিয়েছেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষ্যের অমিল পাওয়া যাচ্ছে। জেনারেল ম্যাককেনজি ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সিনেটর আর্মড সার্ভিস কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আফগানিস্তান থেকে সেনা ও নাগরিক প্রত্যাহার কার্যক্রম তদারক করা জেনারেল ম্যাককেনজি রিপাবলিকান সিনেটরদের প্রশ্নের জবাবে জানান, তিনি আফগানিস্তানে ২ হাজার ৫০০ সেনার ছোট একটি দল রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার এ কথার সঙ্গে বাইডেনের ভাষ্যের মিল পাওয়া যাচ্ছে না।
১৯ আগস্ট এবিসির এক সাংবাদিককে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আফগানিস্তানে সৈন্য রাখার কোনো পরামর্শের কথা তিনি স্মরণ করতে পারছেন না। জেনারেল মিলি বলেছেন, ম্যাককেনজির ওই পরামর্শের সঙ্গে তিনিও একমত ছিলেন।
আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান জেনারেল ম্যাককেনজিকে প্রশ্ন করেছিলেন, ‘তাহলে প্রেসিডেন্ট কি মিথ্যা বলেছেন? সিনেটরের প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেন নি ম্যাককেনজি।
এর কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, সেনাবাহিনী প্রস্তাব দিলেই যে প্রেসিডেন্টকে মানতে হবে, এমন কোনো কথা নেই। প্রেসিডেন্ট নিজের ক্ষমতা প্রয়োগ করেছেন।
মুখপাত্র জেন সাকি ঠিকই বলেছেন। তবে কথা হলো, সেনাবাহিনীর কথা প্রেসিডেন্ট না-ই মানতে পারেন। কিন্তু কেন তিনি বিষয়টি অস্বীকার করলেন?
তাদের প্রশ্ন, বাইডেন বিষয়টি অস্বীকার করেছিলেন কেন? একই সঙ্গে তাদের প্রশ্ন, প্রেসিডেন্ট বলেছিলেন, সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফেরানো পর্যন্ত আফগানিস্তানে মার্কিন সেনা থাকবে। কিন্তু এখনো আফগানিস্তানে মার্কিন নাগরিক আছে। তাদের উদ্ধার করার জন্য সেনা নেই।
পরে এই বিষয়ে ব্যাখ্যা দেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, আগস্টের সময়সীমার পরও যদি মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকত, তাহলে এখন তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলত।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দুই জেনারেল। তারা জানিয়েছেন, যত দ্রুত তালেবান ক্ষমতা দখল করেছে, তা তারা কল্পনা করতে পারেননি। তারা ভেবেছিলেন, আফগান সেনা প্রতিরোধ তৈরি করতে পারবে। তবে শেষপর্যন্ত যে তালেবান ক্ষমতা দখল করবে, তা তারা বুঝতে পেরেছিলেন।
তাদের বক্তব্য, আফগানিস্তানে আল কায়দা এখন যথেষ্ট শক্তিশালী। আইএস এবং আল কায়দার সঙ্গে তালেবানের প্রত্যক্ষ যোগাযোগ আছে। আগামী ১২ থেকে ৩৬ মাসের মধ্যে ফের আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী সংগঠনগুলি আমেরিকার ওপর আক্রমণ চালাতে পারে বলে তারা জানিয়েছেন।
এ বিষয়েও প্রশ্ন তুলেছে রিপাবলিকান সিনেটররা বলছেন, বাইডেন বলেছিলেন, আল কায়দার শক্তি অনেকটাই কমিয়ে দেওয়া গেছে। কিন্তু জেনারেলদের বক্তব্যে স্পষ্ট, এখনো তাদের যথেষ্ট প্রভাব আছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার পর ওই বছরের শেষ প্রান্তে মার্কিন বাহিনী আফগানিস্তানে ঢুকেছিল; ২০ বছর পর সৈন্য প্রত্যাহারের আগ পর্যন্ত দেশটিতে তারা লাখো সৈন্য মোতায়েন করেছে, খরচ করেছে প্রায় ৯৮৫ বিলিয়ন ডলার। ২০১১ সালের এক পর্যায়ে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর সদস্য সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার, সেটাই ছিল সর্বোচ্চ। কাবুলের পতন ও ৩১ আগস্ট সৈন্য প্রত্যাহারের সময়সীমার মধ্যে কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের শেষ ৪ হাজার সেনা প্রত্যাহার করে নেয়।



