
সোনার শাড়িতে দুর্গা প্রতিমার সোনার চোখ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলে এসেছে। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সাজানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজকরা।
প্রতি বছর নতুন নতুন বিভিন্ন থিমকে মাথায় রেখে প্রতিমা তৈরি করেন শিল্পীরা। ওই থিমের আঙ্গিকেই সাজানো হয় মণ্ডপ।
এ বছর নতুনত্বের দিক দিয়ে নজর কেড়েছে পশ্চিমবঙ্গের কলকাতার দুটি দুর্গা প্রতিমা। বাগুইয়াতির বন্ধু মহল ক্লাবের দুর্গা প্রতিমায় স্থাপন করা হয়েছে সোনার তৈরি চোখ। আরেকটি দুর্গা প্রতিমাকে পরানো হয়েছে সোনার কাজ করা শাড়ি।
এ ব্যাপারে বন্ধু মহল ক্লাবের প্রেসিডেন্ট জানান, শাড়িতে ৬ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। আর দুর্গা প্রতিমার চোখ তৈরি করা হয়েছে ১১ গ্রাম সোনা দিয়ে। এতে ব্যয় হয়েছে দেড় লাখ রুপি। আর পুরো মণ্ডপ সাজাতে ব্যয় হয়েছে ১০ লাখ রুপি।
পূজার উৎসব শেষে সোনার শাড়ি আয়োজক কমিটি একটি সুবিধাবঞ্চিত তরুণীকে দান করবে বলে জানা গেছে।



