
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষিক ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা না শিক্ষার্থীর বিষপান
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য দেওয়াকালে প্রকাশ্যে একজন শিক্ষার্থী বিষপান করেছেন বলে তার সহপাঠীরা দাবি করছেন।
সেখানে আন্দোলনকারী একজন শিক্ষার্থী রাকিব খন্দকার দাবি করেন, “শামীম হোসেন নামের ঐ ছাত্রটি দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনে বক্তব্য দিচ্ছিলেন । এসময় হঠাৎ পকেট থেকে একটি বিষের বোতল বের করে প্রকাশ্যে তিনি (বিষ) পান করেছেন।”
শামীম হোসেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।
এরপর ঐ শিক্ষার্থীকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় চিকিৎসার জন্য।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিব হাসনাত বিবিসি বাংলাকে বলেন “শামীম হোসেন নামের এক শিক্ষার্থীকে দুপুর পৌনে ১টার দিকে ভর্তি করা হয়েছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।”
তবে ঐ শিক্ষার্থী কী ধরনের বিষ পান করেছেন সেটা বলেননি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা।
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন “তার (শামীম হোসেন) শরীরে বিষের কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। আমরা ২৪ ঘণ্টা (তাকে) পর্যবেক্ষণে রাখবো। প্রয়োজন হলে সদর হাসপাতাল বা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।”
শামীম হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও তিনি জানান।
বিবিসি



