
ভারতে রিকশাচালককে ৩ কোটি রুপি দেওয়ার নোটিশ আয়কর বিভাগের
ভারতে এক রিকশাচালককে আয়কর বাবদ তিন কোটিরও বেশি রুপি দেওয়ার নোটিশ দিয়েছে দেশটির আয়কর দপ্তর।
ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিং এ নোটিশ পেয়ে যারপরনাই অবাক হন। খবর এনডিটিভির।
সম্প্রতি আয়কর দপ্তর থেকে ওই নোটিশ পেয়েছেন তিনি। সেখানে বলা হয়েছে, তিন কোটি রুপি আয়কর হিসাবে দিতে হবে তাকে।
তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া নাজানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।
আয়কর দপ্তরের নির্দেশ পাওয়ার পর প্রতাপ গিয়েছিলেন হাইওয়ে থানায়। পুলিশ তার অভিযোগ শুনলেও তা নিয়ে কোনো ব্যবস্থা নেয় নি।
ওই থানার ওসি অনুজ কুমার বলেছেন, বিষয়টি পুলিশ দেখছে। নেটমাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন ওই রিকশাচালক।
সেই ভিডিওতে প্রতাপ জানিয়েছেন, বাকালপুরে একটি প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন তিনি। তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান। প্যান কার্ডের রঙিন ফটোকপি ব্যাংকেও জমা দিয়েছিলেন।
১৯ অক্টোবর আয়কর বিভাগের এক অফিসারের কাছ থেকে প্রতাপের ফোনে ফোন আসে। তখনই তাকে ওই নির্দেশের কথা জানানো হয়।
আয়কর বিভাগের পাঠানো নির্দেশে ওই রিকশাচালককে তিন কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ রুপি দিতে বলা হয়েছে।



