
দুই মেয়াদে প্রধানমন্ত্রীর ৯ স্বীকৃতি
রূপসী বাংলা ডেস্ক:দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নয়টি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল বৃহস্পতিবার জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর এসব স্বীকৃতির বিষয়টি তুলে ধরেন।
বাজেট প্রস্তাবনা অধিবেশনে মন্ত্রী জানান, নবজাতক ও শিশুমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে প্রধানমন্ত্রী ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস’ পুরস্কারে ভূষিত হন। স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের জন্য তিনি ‘সাউথ সাউথ অ্যাওয়াড-২০১১’, দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্যের জন্য ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘অ্যাচিভমেন্ট ইন ফাইটিং পোভার্টি’ পুরস্কারে ভূষিত হন।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও চ্যালেঞ্জ মোকাবেলায় দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ইউএন ওমেন প্রধানমন্ত্রীকে ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। একই অনুষ্ঠানে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম তাকে ‘এজেন্ট অব চেঞ্জ’ পুরস্কারে ভূষিত করে।
নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়নে ভূমিকা পালনের জন্য ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলন প্রধানমন্ত্রীকে অভিষিক্ত করে ‘গ্লোবাল ওমেন-স লিডারশিপ’ পুরস্কারে।
অতি সম্প্রতি, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার জন্য পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করে।
আঞ্চলিক পর্যায়ে যোগসূত্র স্থাপন এবং অভিবাসন সংকট মোকাবেলায়ও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিশ্বব্যাপী অভিবাসন বিরোধী রক্ষণশীল মনোভাবের বিপরীতে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগণকে আশ্রয় প্রদান এবং তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের জনগণের অকৃত্রিম মমত্ববোধ ও সহযোগিতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর মাননীয় প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে আখ্যায়িত করেছে।
‘এসব সম্মাননা ও স্বীকৃতি আমাদের দেশকে করেছে সম্মানিত ও দেশের ভাবমূর্তিকে করেছে সমুজ্জ্বল’ যোগ করেন অর্থমন্ত্রী।



