
৪১৫ ল্যাম্পপোস্টে আলোকিত পদ্মা সেতু
দুই প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানোর মাধ্যমে আলোকিত হলো পুরো পদ্মা সেতু। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে মাওয়া ও জাজিরা প্রান্তের সবকটি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বলে ওঠে। এতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্ত পর্যন্ত পুরো পদ্মা সেতুতে ঝলমল করে জ্বলে উঠে আলো।
মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা সেতুতে এক যোগে সেতুর ৪১৫টি বাতির সবগুলো জ¦লে উঠলে প্রকল্প এলাকার চার পাশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাতিগুলো জ্বালানো হয় পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে স্থাপিত বিদ্যুতের সব স্টেশন থেকে। বাতিগুলো মধ্যে মাওয়া প্রান্তের সাব স্টেশন থেকে পিয়ার ১ থেকে ২১ পর্যন্ত এবং জাজিরা প্রান্তে সাব স্টেশন থেকে জ্বালানো হয় ২১ থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত। দুই ভায়াডাক্টসহ দু’সাব স্টেশন থেকে বাতিগুলো জ্বালানো হয়।
এদিন বিকালে জাজিরা প্রান্তের বিদ্যুতের সাব স্টেশন থেকে প্রথমে সেতুর ২১ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত ভায়াডাক্টসহ সবগুলো বাতি পরীক্ষামূলক জ্বালানো হয়। এরপরই দু’সাব স্টেশন থেকে সেতু সবগুলো ল্যাম্পপোস্টের বাতি একযোগে সফল ভাবে জ্বালানো হয়। এই সময় পুরো পদ্মা সেতুসহ এলাকা আলোকিত হয়ে যায়। এভাবেই দু’প্রান্তের দু’সাব স্টেশন থেকে পদ্মা সেতুতে আলো জ্বলবে।


