
শিক্ষার্থীদের ১০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফ করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে দশ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে নয় লাখ টাকা) করে ছাত্রছাত্রীদের ঋণ মাফ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শিক্ষা বিভাগসহ প্রশাসনের উর্ধতন পর্যায়ে ব্যাপক আলোচনার পর গতকাল বুধবার (আগস্ট ২৪) উক্ত পরিমাণের ছাত্রদের ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন। এর ফলে ছাত্র ও পরিবারগুলোতে কিছুটা স্বস্তি নেমে এসেছে।
উল্লেখ্য, আমেরিকায় পড়াশোনারত বেশির ভাগ ছাত্রকে ঋণ নিয়ে পড়াশোনা করতে হয়, যা ছাত্রদের ওপর বিরাট এক বোঝা হিসেবে চেপে থাকে, এমনকি তারা তাদের শিক্ষাজীবন শেষ করার পরও। ২০২০ সালের সূচনা থেকে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এবং সকল পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়।
ছাত্ররা এসময় তাদের ঋণ নিয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। তারা গত আড়াই বছর থেকে স্টুডেন্ট লোন মওকুফ করার জন্য দাবী জানিয়ে আসছিল, যা প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার মধ্য দিয়ে ছাত্রদের স্বস্তি প্রদান করেছে। প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার ঘোষণা করেছেন যে যারা বার্ষিক ১ লক্ষ ২৫ হাজার ডলারের কম আয় করেন, তাদের ক্ষেত্রে ১০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফ করা হবে। গত কয়েক মাস ধরে ব্যাপক আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হলো।
এ ঘোষণা দেওয়া হয়েছে ইকনমিক রিলিফ কর্মসূচির অধীনে। এছাড়া তার ঘোষণা স্টুডেন্ট লোন পরিশোধের ক্ষেত্রে প্যান্ডামিক কালীন যে স্থগিতাদেশ ছিল তা চলতি বছরের শেষ নাগাদ বহাল থাকবে বলেও ঘোষণায় বলা হয়েছে। লোন পরিশোধের বিস্তারিত উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেনের টুইটারে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে আমার প্রশাসন শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোকে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিতে আমরা পরিকল্পনা নিয়েছি, যার আওতায় ছাত্রদের ঋণ পরিশোধের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি থেকে।
তিনি আরো জানান, আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট লোনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মাসিক আয়ের মাত্র ৫ শতাংশ হারে পরিশোধের কিস্তি ধরা হয়েছে, যা লক্ষ লক্ষ ছাত্রের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে স্বস্তিদায়ক। সাধারণত স্টুডেন্ট লোন পরিশোধের ক্ষেত্রে মাসিক আয়ের ১০ শতাংশ স্থির করা হয়।



