
মুসলিম বধূর ডিভোর্সের রায় নিয়ে ভারতে তোলপাড়
এক মুসলিম বধূকে ডিভোর্স দেয়ার রায়কে কেন্দ্র করে ভারতে প্রবল হইচই শুরু হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে যে ধারায় এই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়েছে তাতে তাদের কিছু বলার নেই। কিন্তু এটি আইনে পর্যবসিত হলে তারা বাধা দেবে। কারণ, আইন হলে তা হবে মুসলিম শরীয়তী বিধির বিপক্ষে। বিবাহ বিচ্ছেদ এর বিষয়ে শরীয়তী বিধি মানতে বাধ্য মুসলিম রমণী বা পুরুষ। আইন হলে পুরুষ বা নারী শরীয়তী প্রথা মানবে না যা হবে অত্যন্ত বিপজ্জনক। মুসলিম প্রথায় চার রকমের বিচ্ছেদ এর কথা বলা আছে। প্রথমটি হলো- তিন তালাক। দ্বিতীয়টি হলো- খোলা। এই খোলার দ্বারা যে কোনও নারী তাঁর স্বামীকে ডিভোর্স দিতে পারেন।
তৃতীয়টি হলো- তালাক ই তফিজ। এবং চতুর্থটি হলো- কাজীর আশ্রয়ে যাওয়া অর্থাৎ আইনের আশ্রয় নেওয়া। যে কোনও বিচ্ছেদ এর আগে স্বামীর তালাক উচ্চারণ বাধ্যতামূলক। শুধু খোলার ক্ষেত্রে নারী বিচ্ছেদের পর্যাপ্ত কারণ দেখাতে পারলে এবং পণ-এর অর্থ ফেরত দিতে রাজি থাকলে বিচ্ছেদ মঞ্জুর হতে পারে। কেরালা হাইকোর্টে স্বামীর কাছ থেকে তালাক না নিয়েই বধূ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।



