প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ১৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটি শুরু হওয়ার আগেই তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়েছে প্রায় ২৫ কোটি মানুষ। এই দুর্যোগে ইতিমধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ের কারণে গত শুক্রবার ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

শুক্রবার বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে গিয়ে ঝড়টি ‘বোম্ব সাইক্লোনে’ রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষারঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দেয়।

মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটার এলাকায় ঝড়টি প্রবাহিত হয়। আগামী কয়েক দিন ধরে এই প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রার বেশ কয়েকটি রেকর্ড ভেঙে যেতে পারে।

নিউইয়র্ক, ওয়েস্ট ভার্জিনিয়া, কেনটাকি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও ওকলাহোমা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষও জ্বালানিসংকটের কারণে জরুরি অবস্থা জারি করেছে।

গত বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে তাপমাত্রা মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা ১৯৯০-এর দশকের পর সর্বনিম্ন। ক্যানসাসের উইচিটা শহরে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়েছে, এটি ২০০০ সালের পর সর্বনিম্ন। টেনেসির ন্যাশভিলে ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে।

ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে। ওই দুই প্রদেশে লাখো মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বাকি অংশের মধ্যে ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড প্রদেশ পর্যন্ত চরম শৈত্যপ্রবাহ চলছে। দেশটিতে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা নেমে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। এ সময় মিশিগানের হেল শহর পুরোপুরি বরফের চাদরে ঢাকা ছিল। গত শুক্রবার রাতে হেল শহরের তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

ঝড়জনিত প্রাণহানিগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনাও আছে। ওহাইও অঙ্গরাজ্যে ৫০টি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বড়দিনের ছুটিজনিত সবার বাড়ি ফেরার তাড়া থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

এমনকি সচরাচর মৃদুভাবাপন্ন আবহাওয়ার দক্ষিণী অঙ্গরাজ্য লুইজিয়ানা, আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়ায় তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পেনসিলভানিয়া ও মিশিগানে ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বাফেলো, নিউইয়র্কে অন্তত ৩৫ ইঞ্চি তুষারপাত হবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইংল্যান্ড, নিউইয়র্ক ও নিউ জার্সিতে উপকূলীয় বন্যা দেখা দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension