
মাঝ আকাশে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ, অতঃপর…
দিল্লিগামী বিমানে ফের প্রস্রাবকাণ্ড ঘটেছে! গত ছয় মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মাঝ আকাশে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে।
রোববার রাতে আমেরিকান এয়ারলাইন্সের নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইট এএ-২৯২-এর এক মাতাল যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গভীর রাতে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে অভিযুক্ত যাত্রীকে হেফাজতে নেয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনী।
গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী শঙ্কর মিশ্রের বিরুদ্ধে মত্ত অবস্থায় এক সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল। ঘটনার কথা জানিয়ে এয়ার ইন্ডিয়া পরিচালনাকারী টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটাকে চিঠি লিখেছিলেন ওই বৃদ্ধা। পরে শঙ্করকে গ্রেফতার করা হয়।
দেশের অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে এ ঘটনায় ৩০ লাখ টাকা জরিমানাও করে।
এরপর গত ৩ মার্চ নিউইয়র্ক থেকে দিল্লিতে আসা আমেরিকান এয়ারলাইন্সের বিমানে নেশাগ্রস্ত অবস্থায় এক ছাত্র তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে। তাকেও গ্রেফতার করা হয়েছিল।



