
গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে পাকিস্তানকে চাপ দেয়ার আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের
পাকিস্তানকে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ৬০ জনেরও বেশি মার্কিন আইনপ্রণেতা ব্লিঙ্কেনের কাছে পাঠানো এমন একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারী আইনপ্রণেতারা রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সদস্য। এতে ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তিনি যেনো পাকিস্তানের গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেন।
টুইটারে ওই চিঠি শেয়ার করেছে ‘পাকিস্তানি-আমেরিকান পলিটিক্যাল একশন কমিটি’। এতে বলা হয়েছে, ব্লিঙ্কেনকে সম্ভাব্য সকল ‘কূটনৈতিক অস্ত্র’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। এরমধ্যে আছে, ফোনালাপ, পাকিস্তান সফর এবং প্রকাশ্য বিবৃতি। এতে করে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের স্বার্থ প্রকাশ পাবে এবং দেশটির গণতান্ত্রক পরিস্থিতির ক্ষয় ঠেকাতে মার্কিন চেষ্টা প্রকাশ্যে আসবে।
ওই চিঠিতে মার্কিন প্রনেতারা পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তারা বলেন, পাকিস্তানে যেভাবে আন্দোলন দমন করা হচ্ছে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এছাড়া সরকারের কয়েক সমালোচকের মৃত্যুর কথাও ওই চিঠিতে উল্লেখ করা হয়।




