গণমাধ্যমযুক্তরাষ্ট্র

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় ৭ বাংলাদেশি

প্রতি বছর মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ‘থার্টি আন্ডার থার্টি’ শিরোনামে এ তালিকায় এবার ৭ বাংলাদেশির নাম উঠে এসেছে।

২০১৬ থেকে ২০২২ পর্যন্ত, বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য মোট ২৫ জন বাংলাদেশির নাম এ তালিকায় স্থান পেয়েছে।

বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ২০২২ সালে শীর্ষ এশীয়দের তালিকা। এতে ১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ তরুণ স্থান করে নিয়েছেন।

ত্রিশ বছরের কম বয়সী সাতজন বাংলাদেশিকে ভোক্তা প্রযুক্তি; মিডিয়া, বিপণন এবং বিজ্ঞাপন এবং সামাজিক প্রভাব এই তিনটি ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেয়া হয়েছে এ বছর।

ফোর্বসের উদীয়মান তরুণদের তালিকায় ৩০০ জনের মধ্যে স্থান পাওয়া ৭ বাংলাদেশি হলেন- আজিজ আরমান, রুবাইয়াৎ ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান, দীপ্ত সাহা, আনোয়ার সায়েফ এবং সারাবান তহুরা।

এদের মধ্যে আজিজ আরমান অনলাইনে গাড়ি ভাড়া করার অ্যাপ যাত্রীর প্রতিষ্ঠাতা। তিনি কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৃজনশীল সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কোপলো.এআই-এর স্থপতি রুবাইয়াৎ ফারহান ও তাসফিয়া তাসবিন। তারা দুজন স্থান করে নিয়েছেন মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং ক্যাটাগরিতে।

কৃষকদের ডিজিটাল সরবরাহ চেইনের সঙ্গে সংযুক্ত করতে এবং তাদের ডিজিটাল দুনিয়ায় পরিচিত করতেই দীপ্ত সাহা গড়ে তুলেছিলেন আগোরাশিফট টেকনোলজিস। তিনি কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে শীর্ষ ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম রিল্যাক্সির সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। তিনি ফোর্বসের উদীয়মান ৩০০ এশীয়দের মধ্যে সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন শীর্ষ ৩০ জনের মধ্যে।

বাকি দুজন হলেন আনোয়ার সায়েফ ও সারাবান তহুরা। তারা দুজনে মিলে প্রতিষ্ঠা করেছেন টার্টল ভেঞ্চার স্টুডিও। উদ্যোক্তাদের সহায়তা করতে প্রতিষ্ঠিত এই উদ্যোগটির স্থপতিরাও সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে শীর্ষ ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension