
হোয়াইট হাউসে ঢুকে পড়লো ট্রাক, নাৎসি পতাকা উদ্ধার
২২ মে সোমবার রাত ১০ টার দিকে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে একটি ট্রাক। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস গ্রাউন্ড সংলগ্ন লাফায়েট স্কোয়ারে সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে ট্রাকটি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা দ্রুত ওই ট্রাকচালককে আটক করে। ঘটনাস্থলে একটি নাৎসি পতাকা পাওয়া গেছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর পতাকা এবং প্লাস্টিকের ব্যাগ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিলো।
তদন্তকারীরা পতাকাটি খুঁজে পেয়েছেন, ট্রাকের ভেতরেই এটি ছিলো। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, সব কিছু নিরাপদ আছে। সিক্রেট সার্ভিসের প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি টুইটারে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে, চালক ইচ্ছাকৃতভাবে লাফায়েট স্কোয়ারে নিরাপত্তা বাধাগুলিতে আঘাত করেছিল।’ ইউএস পার্ক পুলিশ সিক্রেট সার্ভিসের তদন্ত সমর্থন করে অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময়ে সোমবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। এই ঘটনার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই আবার প্রশ্ন করছেন, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ট্রাকটি ঢুকে পড়লো? ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ক্রিস জাবোজি সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে ট্রাকটি ব্যারিকেডের মধ্যে চলে যাচ্ছে। ভিডিওটি রয়টার্স দ্বারা যাচাই করা হয়েছে।



