
লেখক-কবি আফতাব আহমদ মারা গেছেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন।
সোমবার (৩ জুলাই) রাত নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন।
আফতাব আহমদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।
তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।
আফতাব আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু কবি ফরিদ কবির।
তিনি জানান, আফতাব আহমদের কয়েকবার স্ট্রোক হয়েছে। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ আজ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তিনি মারা যান।



