ভারত

ভারতে লোকসভা নির্বাচন সামনে রেখে জোট গঠনের লড়াই শুরু

ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের লড়াই শুরু করেছে ক্ষমতাসীন ও বিরোধীরা। দুই পক্ষই জোটকে শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে। বেঙ্গালুরুতে বিরোধী নেতারা আজ মঙ্গলবার যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণে ব্যস্ত থাকবেন, তখন দিল্লিতে সহযোগীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডারা। উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে এনডিএর সম্প্রসারণ।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা গতকাল সোমবার বলেন, ‘এনডিএ’র মঙ্গলবারের বৈঠকে ৩৮টি দলের নেতৃত্ব হাজির থাকবেন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল (সোনেলাল) এবং পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির মতো সহযোগী দলগুলোর পাশাপাশি এনডিএতে সদ্য যোগ দেওয়া জিতনরাম মাঝিঁর ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম), উপেন্দ্র কুশওয়াহার ‘রাষ্ট্রীয় লোক জনতা দল’ (আরএলজেডি), ওমপ্রকাশ রাজভরের ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ (এসবিএসপি) আমন্ত্রণ পেয়েছে এই বৈঠকে। কংগ্রেস মুক্ত উত্তর-পূর্ব গঠনের লক্ষ্যে ২০১৬ সালে বিজেপির নেতৃত্বে তৈরি ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-এর শরিক দল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী এবং বিদ্রোহী এমসিপি নেতা অজিত পওয়ারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এমনকি, একসময় বিজেপির সহযোগী চন্দ্রবাবু নায়ডুর ‘তেলুগু দেশম পার্টি’ (টিডিপি), সুখবীর সিংহ বাদলের ‘শিরোমণি অকালি দল’, চিরাগ পাসোয়ানের ‘লোক জনশক্তি পার্টি (রামবিলাস)’-এর কাছেও এনডিএ বৈঠকের চিঠি পৌঁছেছে বলে বিজেপি সূত্রের খবর।

বৈঠকে বসছে বিরোধীরাও
বেঙ্গালুরুতে বিরোধীদের মূল বৈঠকে কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হবে, তা আজকের নৈশভোজসহ ঘরোয়া আলোচনায় ঠিক করা হবে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বিরোধীদের মঙ্গলবারের বৈঠকে দুটি বিষয় নিশ্চিত করার কথা ভাবা হচ্ছে। একটি হলো নতুন জোটের নাম। অন্যটি জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচি। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আগামী লোকসভা ভোটে বিজেপিকে মোকাবিলায় রাজ্যভিত্তিক আসন বণ্টন। কোন ‘ফর্মুলায়’ তা ঠিক করা হবে, সে বিষয়টি চূড়ান্ত হবে জোটের নাম ও সম্মিলিত কর্মসূচি ঠিক হওয়ার পর। সে জন্য একটি কমিটিও তৈরি করা হতে পারে।

আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension