
‘ইরান হয় আলোচনায় বসবে, না হয়…’: তেহরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে আলোচনায় আনতে চাপ ও হুমকির সুর আরও তীব্র করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি আলোচনার আশার কথা বলছেন, অন্যদিকে চুক্তি না হলে ইরানকে ‘অভূতপূর্ব পরিণতির’ মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন। একই সময়ে ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে হুমকির মুখে তারা কোনও আলোচনায় বসবে না।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিশ্চিত যে ইরান আলোচনায় বসবে, না হলে দেশটি এমন পরিণতির মুখে পড়বে ‘যা আগে কখনও না দেখা যায়নি’। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিক্স শো’-তে দেয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা আলোচনায় বসবেই। আর যদি না বসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে, যা তারা আগে কখনোই দেখেনি।’
তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তি করবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটি করতে গেলে তাদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এমন অস্ত্র পাওয়ার সুযোগও থাকবে না। আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্বের ধ্বংস ডেকে আনতে পারে, আর আমরা তা হতে দেব না।’
ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, বাড়ছে অসন্তোষ
ট্রাম্প বলেন, ‘ইরানের ক্ষেত্রে আমাদের কোনও বিকল্প ছিল না। এটা এমন ছিল না যে আমাদের হাতে অন্য কোনও পথ ছিল, আমাদের এটা করতেই হয়েছে।’
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)-এর চেয়েও ‘অনেক ভালো’।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হাতে ‘তোস্কা’ নামের একটি কার্গো জাহাজ আটক হওয়ার ঘটনায় ইরান ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে। দেশটি জাহাজ ও নাবিকদের মুক্তি দাবি করে এ ঘটনাকে জলদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এ সময় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনও আলোচনায় বসবে না। তিনি ইঙ্গিত দেন, আলোচনা ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।
গালিবাফ বলেন, ‘ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলোচনার টেবিলকে নিজের কল্পনায় আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন, কিংবা নতুন করে যুদ্ধ উসকে দেয়ার অজুহাত তৈরি করছেন।’



