
ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটিকে রাশিয়া ও চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে—এমন খবরকে খুব একটা পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সঙ্গে সংঘাতে দেশ দুটির সম্পৃক্ততা খুবই সীমিত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। তবে বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক অসাধারণ হয়েছে। ইরানের সঙ্গে সংঘাতে চীন খুব বেশি জড়িত নয়। তারা জড়াতে পারে, তবে আমার কাছে সম্পৃক্ততা বলতে বোঝায় গুলি চালানো, সামান্য কিছু তথ্য সরবরাহ করা নয়।
যুক্তরাষ্ট্রও অন্য দেশগুলোর ওপর নজরদারি করে উল্লেখ করে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দা নজরদারি চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও তাদের ওপর একই কাজ করে।
ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, তারা খুব বেশি তথ্য দিচ্ছে।’
তিনি আরও বলেন, রাশিয়া ও চীন—উভয় দেশই ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান দেখতে চায়। এ ক্ষেত্রে দেশ দুটি তাকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইরান যুদ্ধ শুরুর কয়েক দিন পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের মিত্ররা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে। এসব তথ্যের মধ্যেই রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে ট্রাম্পের বক্তব্য সামনে এল।



