প্রধান খবরপ্রবাস

কনস্যুলেটে আ.লীগ নেতাকর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ, মেয়র অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে পাঠানো চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৬ অক্টোবর) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসী কমিউনিটির প্রায় দেড় শতাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেন। কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিকাল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেট প্রাঙ্গণের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা অতিথিদের প্রবেশে বাধা দেয়, ধাওয়া করে এবং ডিম নিক্ষেপের মতো অপকৌশল ব্যবহার করে। এ সময় কনস্যুলেট ভবনের একটি কাচের দরজায় আঘাত করলে তাতে বড় ফাটল সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কয়েকজনকে আটক করে। কনস্যুলেট কর্তৃপক্ষ ঘটনাস্থলের ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান অতিথির জীবনহানি ও তাকে হেনস্তা করার উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকাসহ কতিপয় ব্যক্তি মধ্যরাত পর্যন্ত কনস্যুলেটের সামনে অবস্থান করেন। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান অতিথি নির্বিঘ্নে তার গাড়িতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং প্রাণবন্ত মতবিনিময়, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জেনারেল সবাইকে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তারা নিশ্চিত করেছেন, দুষ্কৃতকারীরা প্রধান অতিথির ধারেকাছে পৌঁছাতে পারেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension