বাংলাদেশ

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও অডিও রেকর্ড হাতে পেয়েছে এ লক্ষ্যে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) তদন্ত কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার মামলা থেকে ফজলে করিমকে নিষ্কৃতি দেয়ার বিনিময়ে কোটি টাকা দাবি করেছেন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার পর ওই প্রসিকিউটর ১০ মার্চ পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছিল।

সাইমুম রেজার পদত্যাগের ঘণ্টা কয়েক পর ‘ঘুষ দাবির’ অভিযোগের দুটি অডিও ফাঁস হয়। ওই দুটি অডিওতে সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষির কথোপকথনে শোনা যায়।

এই অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়।

গণমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়। অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ কথা শোনা যায়।

সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সাবেক ওই এমপির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই এমপি বর্তমানে এই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension