
ট্রাম্পের বলরুম বানাতে হোয়াইট হাউজের একাংশ ভাঙা হচ্ছে
হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন বলরুম বানানোর জন্য হোয়াইট হাউজের একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৯০,০০০ বর্গফুটের ওপর এই বলরুমটি বানানো হবে।
সোমবার নির্মাণকর্মীরা ইস্ট উইংয়ের একটি প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন। যাকে ট্রাম্প সম্পূর্ণ আধুনিকীকরণ করা হচ্ছে বলে জানান।
গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার খরচ করে হোয়াইট হাউজে যে বলরুম করা হবে সেটি বিদ্যমান কাঠামোর অনেকটা ‘কাছাকাছি’ হবে, তেমন কোনো পরিবর্তন আনা হবে না।
তিনি আরও বলেন, ‘এটি আমার প্রিয় জায়গা। আমি এটি খুব পছন্দ করি।’
ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে এই বলরুম নির্মাণের ঘোষণা দেন। বলেন, অত্যন্ত প্রয়োজনীয় একটি বলরুম তৈরির কাজ শুরু হয়েছে।
ট্রাম্প আরও লিখেছেন, ‘১৫০ বছরেরও বেশি সময় ধরে, সব প্রেসিডেন্টই স্বপ্ন দেখেছেন হোয়াইট হাউজে একটি বলরুম থাকবে যেখানে জমকালো পার্টি, রাষ্ট্রীয় সফর ইত্যাদির জন্য লোকেদের সমাগম হবে।’
প্রেসিডেন্ট বলেন, প্রকল্পটিতে ব্যক্তিগত উদ্যোগে অনেক উদার দেশপ্রেমিক মানুষ অর্থায়ন করেছে। তবে তাদের পরিচয় এখনও স্পষ্ট নয় কারণ হোয়াইট হাউস তাদের নাম প্রকাশ করেনি।
হোয়াইট হাউস দুই শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে কাজ করে আসছে। ইস্ট উইং ১৯০২ সালে নির্মিত হয়েছিল এবং শেষবার ১৯৪২ সালে এটি পরিবর্তন করা হয়েছিল।
যদিও হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) র মাধ্যমে পরিচালিত হয়, তবুও এসব কাঠামো সংস্কারের প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে।



