
তুহীন বিশ্বাস
আর নিমিষেই কিডন্যাপ হয়ে যায় সতীত্ব
সম্পর্ক ভুলে যায় রক্তপিপাসু নরপিশাচ,
বিষদাঁতের তীক্ষ্ণ আঁচড়ে রক্তাক্ত মানচিত্র
ওই কুকুরগুলো টেনেহিঁচড়ে খায় মাংসপিণ্ড।
ধর্ষণ এখন দর্শনের পথে সগৌরবে হাঁটে
সভ্যতার অন্দর কুৎসিত কিম্ভূতকিমাকার ,
অদৃশ্য হলফনামায় বিবেকের নগ্ন বিসর্জন
আতংকিত সমাজ নতুন সূর্যোদয়ের খোঁজে।
আইনের সুক্ষ্ম মারপ্যাঁচে ধর্ষিতা ভুক্তভোগী
সমাজচ্যুত ও একাকীত্বের গ্রাসে গৃহত্যাগী,
বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে প্রহসন
এটা অন্যায়ের কাছে পরাস্ত ন্যায়ের ক্রন্দন।
মিছিল প্রতিবাদে উত্তাল ঢেউয়ের শ্লোগান
হাসপাতালের চাদরে রক্তাক্ত জীবনের গান,
সময়ের ডানায় উবে যায় যত বেদনার সুর
মানচিত্রের স্বাধীনতা রক্ষা করা দূর বহুদূর।
অবশেষে মর্গে পড়ে থাকে আছিয়ার লাশ
নগ্নতার কারসাজিতে ধর্ষক চূড়ান্ত খালাস।



