
ইমন হোসেন
বিপন্ন প্রহরে বিস্মৃত আজ জীবনের গান,
অজস্র মৃত্যু পেরিয়ে তবু-
একটি মৃত্যুর প্রতীক্ষা ফুরায়নি আজো!
এমন কোনো অন্ধকার নেই,
যার সাথে আমার পরিচয় হয়নি;
সকালে দুঃখ,দুপুরে হাহাকার,রাত্রে বিষন্নতা,
এ আমার জীবনের গল্প!
অসংখ্য বার ঝরে গিয়েও,
আবার ফুটেছি আমি রক্তজবার মতো;
তবু ভাঙা-গড়ার এই খেলায়,
ক্লান্তির অবসন্ন তন্দ্রায় স্তব্ধ আমি।
পূর্ব জন্ম অথবা-
তার কোনো পাপ ছিলো কিনা জানিনা,
তবু শূন্যাকৃতি পৃথিবীর চারপাশে,
নির্বাক চতুষ্পদের মতো টেনে যাই ঘানি,
বয়ে চলি অর্থহীন পাহাড়ের ভার!



