
নিউ ইয়র্কে অ্যাশেজ জাদুতে মাতোয়ারা তারুণ্য
গত ৫ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ (Ashes)-এর বহুল প্রতীক্ষিত কনসার্ট। দর্শক ও ভক্তদের অভূতপূর্ব সাড়ায় নিউ ইয়র্কের এই আয়োজন পরিণত হয় এক তারুণ্যের উৎসবে।
কনসার্টে অ্যাশেজ পরিবেশন করে তাদের জনপ্রিয় গানসমূহ — তারাবাতি, আমার দিকে তাকিয়ে সে, ধুলাবালি, সে আমারে এবং তামাকপাতা সহ একের পর এক হিট গান। শ্রোতারা গানে গানে অংশ নেন, তুমুল করতালি ও উচ্ছ্বাসে মুখর থাকে পুরো অডিটোরিয়াম।
আয়োজক প্রিয়জন ফিল্মসের কর্ণধার লিটু আনাম বলেন, এই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বাংলা ব্যান্ড সংগীতকে নতুনভাবে উপস্থাপন করা এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ড সংগীতের প্রতি আগ্রহ জাগানো। সুদুর ওহাইও এবং মিশিগান থেকেও অ্যাশেজ ভক্তরা ছুটে এসেছেন গান শুনতে। এদিক থেকে আমরা সফল।
অ্যাশেজ ব্যান্ডের মূল ভোকাল জুনায়েদ ইভান দর্শকদের উচ্ছ্বাসে অভিভূত হয়ে বলেন, “নিউ ইয়র্কের এই রাত আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। প্রবাসীদের এই ভালোবাসাই আমাদের সংগীতের আসল প্রেরণা।”
প্রবাসী সংগীতপ্রেমী তারুণ্যের উপস্থিতি দেখে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানসম্পন্ন কনসার্ট আয়োজন অব্যাহত থাকবে।



