বাংলাদেশ

প্রতিটি উপজেলায় এমপিদের জন্য হবে ‘পরিদর্শন কক্ষ’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছ থেকে ফ্লোর নিয়ে এই তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে।

সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের নামে সরাসরি কোনো কক্ষ বরাদ্দ দেয়ার আইনি সুযোগ নেই। এই জটিলতা এড়াতে কক্ষটির নাম দেয়া হয়েছে ‘পরিদর্শন কক্ষ’।

তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনের বর্তমান অবকাঠামো বিবেচনায় নিয়ে সেখানে সংসদ সদস্যদের জন্য একটি কক্ষ নির্দিষ্ট করা হবে। এই কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মীর শাহে আলম বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এই ধরনের পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে।

এই কক্ষগুলোতে বসে সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে পারবেন এবং সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেয়ার জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান। আজ থেকেই জিও জারি হওয়ায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে কক্ষটি প্রস্তুত করে নেয়ার জন্য জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension