
প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল তাহেরসহ চার রাজনীতিবিদ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন প্রধান ৩ রাজনৈতিক দলের ৪ নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিবিদদের সফরসঙ্গী হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিনিধিদলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। যেহেতু আমরা এমন একটা পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনার ভার হস্তান্তর করা হবে। সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই উচ্চপর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়াবদ্ধ পরিকল্পনা উঠে আসে; তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে আমরা কক্সবাজারে প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্যসূচিতে পিছিয়ে পড়েনি প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিবের সফর তারই প্রমাণ। আমরা এই উচ্চপর্যায়ের সভার সফল অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ প্রমুখ।



